চট্টগ্রামে হজযাত্রী কল্যাণ সংস্থার সংবাদ সম্মেলনে অভিযোগ
নিবন্ধন কারসাজিতে অনিশ্চয়তায় ২০ হাজার হজযাত্রী
নিবন্ধন কারসাজির কারণে ২০ হাজার হজযাত্রীর সৌদি আরব যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন হজযাত্রী কল্যাণ সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান এইচ এম মুজিবুল হক। গতকাল রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কারসাজির জন্য ধর্ম মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা ও কয়েকটি এজেন্সিকে দায়ী করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, গত ১৯ ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে জানানো হয় ২১ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। কিন্তু ১৯ ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি শুক্রবার এবং ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি ছুটি ছিল। ফলে ২২ ফেব্রুয়ারি জানানো হয় বেসরকারি কোটা পূরণ হয়ে গেছে। তাই নিবন্ধন বন্ধ করা হয়েছে। একারণে ৩৫০ এজেন্সি প্রায় ২০ হাজার হজযাত্রীর নিবন্ধন করা যায়নি।
টানা দুদিন বন্ধের মধ্যে নিবন্ধন-প্রক্রিয়া শেষ হওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এটা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনৈতিক কাজ। একপর্যায়ে এজেন্সিগুলোর আন্দোলনের মুখে মন্ত্রণালয় নিবন্ধন-প্রক্রিয়া যাচাই-বাছাইয়ে একটি কমিটি গঠন করে। কমিটি ২৩ থেকে ২৮ জুলাই পর্যন্ত যাচাই-বাছাই করে প্রতিবেদন দেয়। এতে ১৫ হাজার ভুয়া হজযাত্রীর সন্ধান পাওয়া গেছে বলে দাবি করা হয়। এর মধ্যে ৬ হাজার ৭০০ হজযাত্রীর হদিস পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ধর্ম মন্ত্রণালয়ের সচিব সংসদীয় কমিটির সুপারিশ উপেক্ষা করে চলছেন। কমিটির সুপারিশ অনুযায়ী কাজ করলে কোটাবঞ্চিত এজেন্সিগুলো হজযাত্রী পাঠানোর সুযোগ পাবে। দাবি পূরণ না হলে ঢাকায় হজ কার্যালয়ের সামনে হাজি সমাবেশের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
গতকালের সংবাদ সম্মেলনে হজযাত্রী কল্যাণ সংস্থা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিন, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট বাংলাদেশের (আটাব) সদস্য শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।