নিবন্ধন ছাড়াই কোচিং, নয়জনকে জরিমানা
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) থেকে নিবন্ধন না নিয়ে কোচিং পরিচালনার অপরাধে সরকারি কলেজের শিক্ষকসহ নয়জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই নয়জনের কাছ থেকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আতিকুল ইসলামের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) খুলনার সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স গ্রহণ না করে কোচিং পরিচালনার অপরাধে হাজী মহসীন রোডে অবস্থিত স্টার একাডেমিক কেয়ারের দুই মালিক অসীত রায় এবং গোপাল চন্দ্র পাল পলাশকে দশ হাজার টাকা, মিয়া পাড়া মেইন রোডের নিউ সান কোচিং সেন্টারের মালিককে পাঁচ হাজার টাকা, মেজবাহ উদ্দিনকে পাঁচ হাজার টাকা, সোহাগ হোসেনকে পাঁচ হাজার টাকা, নজরুল ইসলামকে দুই হাজার টাকা, মানিক কুণ্ডুকে দুই হাজার টাকা এবং তারিকুল ইসলামকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া পাঠশালা কোচিংয়ের মালিক সাব্বির হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কোচিং পরিচালনার নিবন্ধন না নিয়ে কোচিং সেন্টারে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ব্যাচ হিসেবে নিয়মিত কোচিং করানো হয়েছে। একেকটি কোচিং ব্যাচে বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়ানো হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থী মাসে ৮০০ টাকা থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত দিচ্ছে। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী এসব কোচিং সেন্টারে পড়ান।