নিবন্ধন পরীক্ষা দিতে গিয়ে ধর্ষণের শিকার
কুষ্টিয়ায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক শিক্ষিকা (২৫)। এ অভিযোগে ওই শিক্ষিকা নিজে বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় গত শনিবার রাতে একটি ধর্ষণ মামলা করেছেন। মামলার একমাত্র আসামি একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ধর্ষণের শিকার শিক্ষিকাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর যাবতীয় চিকিৎসা ও পরীক্ষা করানো হচ্ছে। তিনি মেহেরপুরের মুজিবনগরের একটি বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক।
থানা-পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের বড়বাজারে একটি আবাসিক হোটেলে ধর্ষণের এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে প্রধান শিক্ষক পলাতক রয়েছেন। তাঁকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
মামলার এজাহার ও শিক্ষিকার ভাষ্যমতে, চলতি বছরের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের জন্য গত বৃহস্পতিবার তিনি তাঁর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কুষ্টিয়ায় আসেন। তাঁরা শহরের একটি আবাসিক হোটেলের পৃথক দুটি কক্ষে ওঠেন। শুক্রবার সকালে পরীক্ষায় অংশ নিতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় প্রধান শিক্ষক তাঁর কক্ষে প্রবেশ করে তাঁকে ধর্ষণ করেন। তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় নিজেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যান। ঘটনার পরপরই প্রধান শিক্ষক পালিয়ে যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসিমুল আলী বাপ্পী বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বিস্তারিত জানতে আরও পরীক্ষা করানো হচ্ছে।
এদিকে, গতকাল রোববার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ওই শিক্ষিকাকে দেখতে হাসপাতালে যান। তিনি তাঁর সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক চিকিৎসার যাবতীয় খোঁজখবর নেন এবং আসামিকে ধরার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, প্রধান শিক্ষককে ধরতে অভিযান চলছে।