নিবন্ধনহীন মোটরসাইকেল ব্যবহার করছে জঙ্গিরা
অস্ত্র ও বিস্ফোরক আনা-নেওয়াসহ নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ভুয়া নিবন্ধন নম্বরের এবং নম্বরবিহীন (অন টেস্ট) মোটরসাইকেল ব্যবহার করছে নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা। গত চার মাসে চট্টগ্রামে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে এবং জঙ্গি সম্পৃক্ততার ঘটনায় দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুটি মোটরসাইকেলেরই নিবন্ধন নম্বর ভুয়া।
এ ছাড়া একটি নিবন্ধনহীন মোটরসাইকেল ‘অন টেস্ট’ লিখে ব্যবহার করার তথ্য পেয়েছে পুলিশ। তবে এটি উদ্ধার করা যায়নি। জেএমবি চট্টগ্রামের প্রধান ফারদিন ওরফে নোমান ওরফে নাফিস নিবন্ধনহীন ওই মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান।
সম্প্রতি চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার তিন ছাত্র নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল গত ২৮ ডিসেম্বর চট্টগ্রাম আদালতের বারান্দায় প্রথম আলোকে বলেন, জেএমবি চট্টগ্রামের প্রধান ফারদিনের ব্যবহার করা মোটরসাইকেলের নম্বরপ্লেটে ‘অন টেস্ট’ লেখা ছিল। গত সেপ্টেম্বর মাসে শওকত রাসেলকে নিয়ে বান্দরবানে যান ফারদিন। তবে তাঁকে বান্দরবানের মেঘলা পর্যটন স্পটে রেখে একটি ব্যাগ নিয়ে ফেরেন ফারদিন। রাসেলের ধারণা, ওই ব্যাগে করে অস্ত্র আনা হয়েছিল।
গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বান্দরবান থেকে ভুয়া নম্বরপ্লেট লাগিয়ে চট্টগ্রামের নিজ বাসায় অস্ত্র এনেছিলেন জেএমবির নেতা ফারদিন।
গত বছরের ২৬ ডিসেম্বর হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় অভিযান চালিয়ে জেএমবি চট্টগ্রামের প্রধান ফারদিন ওরফে নোমান ওরফে নাফিসের আস্তানা থেকে অস্ত্র-গুলি, বিস্ফোরক ও সেনাবাহিনীর ১২ সেট পোশাকের সঙ্গে মোটরসাইকেলের নম্বরপ্লেট (অন টেস্ট লেখা) উদ্ধার করা হয়। এর আগে গত ২৩ সেপ্টেম্বর সদরঘাট এলাকায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় গ্রেনেড বিস্ফোরণে জেএমবির দুই সদস্য নিহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একে-২২ রাইফেল ও মোটরসাইকেল। এই মোটরসাইকেলের নিবন্ধন নম্বরটিও ভুয়া। এ ছাড়া গত ৬ অক্টোবর খোয়াজনগর এলাকায় ‘জঙ্গি’ মাহবুবুর রহমানের বাসা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর নিবন্ধন নম্বরও ভুয়া। মাহবুবুর রহমানের এক ভাই ২৩ সেপ্টেম্বর সদরঘাট এলাকায় ছিনতাই করতে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে নিহত হন।
হাটহাজারীর আমানবাজার এলাকায় যে বাসায় ভাড়া থাকতেন ফারদিন, সেই বাসার মালিক মোহাম্মদ ইসহাক প্রথম আলোকে বলেন, তাঁর ভাড়াটের একটি মোটরসাইকেল ছিল; যার নম্বরপ্লেটে ‘অন টেস্ট’ লেখা ছিল।
জানতে চাইলে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, তহবিল সংগ্রহের জন্য ছিনতাইয়ের কাজে, অস্ত্র-গুলি আনা-নেওয়া এবং নিজেদের মধ্যে যোগাযোগের জন্য জঙ্গিরা ভুয়া নিবন্ধন নম্বর ও নিবন্ধন নম্বর ছাড়া মোটরসাইকেল ব্যবহার করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে এমন কৌশল বেছে নিয়েছে জঙ্গিরা। তিনি বলেন, নম্বরপ্লেটে কখনো ‘অন টেস্ট’, কখনোবা ভুয়া নিবন্ধন নম্বর লাগিয়ে জেএমবির নেতা ফারদিন মোটরসাইকেল ব্যবহার করেন। তাঁকে ধরতে অভিযান চলছে।
বেশ কিছুদিন ধরে চট্টগ্রামে টহল পুলিশের সদস্যরা মোটরসাইকেলের ওপর নজরদারি বাড়িয়েছেন। নগরের প্রতিটি তল্লাশিচৌকিতে থামানো হচ্ছে মোটরসাইকেল। এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, সব তল্লাশিচৌকি ও টহল পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে ‘অন টেস্ট’ লেখা ও ভুয়া নম্বরপ্লেট থাকা মোটরসাইকেল আরোহীদের তল্লাশি করে আইনগত ব্যবস্থা নিতে। ‘অন টেস্ট’ লেখা মোটরসাইকেল আরোহীদের ধরতে পুলিশের বিশেষ দলও তৎপর রয়েছে।
ভুয়া পরিচয়ে মাইক্রোবাস ব্যবহার: গত বছরের ৬ অক্টোবর চট্টগ্রাম নগর থেকে আগ্নেয়াস্ত্রসহ জেএমবির সদস্য সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এরপর নগর গোয়েন্দা পুলিশ জানতে পারে জেএমবির ব্যবহার করা একটি মাইক্রোবাস কুমিল্লায় আছে। ১৬ অক্টোবর পুলিশ সেটি উদ্ধার করে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, গাড়িটির মালিক ঢাকার রাহাত আরা কামরুন নাহার নামের এক নারী। তবে ওই নারী পুলিশকে জানান, গত বছরের ১৩ জুলাই ১০ লাখ ২৫ হাজার টাকায় গাড়িটি তিনি বগুড়ার মাজহারুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। গাড়ি বিক্রির দলিলও দেখান তিনি। পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, মাজহারুল বগুড়া সরকারি আজিজুল হক কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র। তাঁর বাবা মুদিদোকানি। তাঁদের গাড়ি কেনার সামর্থ্য নেই। মাজহারের সঙ্গে জেএমবির সম্পৃক্ততাও নেই।
গতকাল মঙ্গলবার নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘টিউশনি করে ও স্কুলে পড়িয়ে পড়ালেখার খরচ জোগাড় করি। গাড়ি কিনব কীভাবে?’
গাড়িটির বিক্রেতা কামরুন নাহারের ছেলে এমরান হোসেন মুঠোফোনে বলেন, তাঁরা গাড়িটি বিক্রির জন্য অনলাইনে বেচাকেনার একটি ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন। পরে মাজহারুল ইসলাম পরিচয়ে এক ব্যক্তি নগদে গাড়িটি কেনেন। ওই ব্যক্তি জেএমবির কি না, তা তাঁরা জানেন না।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, জঙ্গিরা ধরাছোঁয়ার বাইরে থাকতে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে গাড়ি ব্যবহার করছে। এ জন্য গাড়ি বিক্রির ব্যাপারে সবাইকে সতর্ক হওয়া উচিত। তিনি বলেন, মাইক্রোবাসটি বিক্রির সময় বিক্রেতা যদি ক্রেতার ছবি রাখতেন, তাহলে সহজে জঙ্গিদের ধরা যেত।