বরিশাল-কুয়াকাটা মহাসড়কের রূপাতলী এলাকায় সড়ক রক্ষায় পাথর, বালু, সিমেন্ট ও রড দিয়ে পাইল তৈরির কথা থাকলে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। পাইল তৈরি করা হয়েছে ইটের খোয়া দিয়ে। এই অভিযোগের মুখে স্থাপন করা পাইল সরিয়ে নিচ্ছেন ঠিকাদার।
গত শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, কয়েকজন শ্রমিক এর আগে সড়কের পাশে পুঁতে রাখা পাইল তুলছেন। পরে একটি ট্রাকে তোলার কাজে নিয়োজিত শ্রমিক মো. সোহাগ গাজী প্রথম আলোকে বলেন, ঠিকাদার মাহফুজ খান এই সড়কের সংস্কারকাজ পেয়েছেন। কয়েক দিন আগে প্রায় ১০০টি পাইল পোঁতা হয়। কিন্তু সেগুলো যথাযথভাবে না হওয়ার অভিযোগ দিয়েছে সড়ক বিভাগ। তাই পাইলগুলো সরিয়ে ফেলা হচ্ছে।
সড়কের রূপাতলী এলাকার বাসিন্দা আজমল হোসেন বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মহাসড়কের রূপাতলী এলাকায় সড়ক জলাশয়ে দেবে যায়। এক সপ্তাহ আগে সড়ক রক্ষায় নিম্নমানের পাইল স্থাপন করা হয়। এখন আবার সেগুলো তুলে নেওয়া হচ্ছে। এতে ওই স্থানটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কসহ তিনটি সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়। ১২ কোটি ৭ লাখ টাকায় এই তিন সড়ক সংস্কার করা হবে। এর আগে সড়কের পাশে জলাশয়ের ভাঙন থেকে সড়ক রক্ষার জন্য পাইলিং করতে হবে। এই পাইলিংয়ের কাজ শুরু হয়েছে।
জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ সাহেদ বলেন, কার্যাদেশ অনুযায়ী সড়ক রক্ষায় পাইলে পাথর ব্যবহার করার কথা। কিন্তু ঠিকাদার তা করেননি।
সঠিকভাবে কাজ না করায় তাঁকে চিঠি দিয়ে কাজ বন্ধ এবং নতুনভাবে পাইল করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই ঠিকাদার পাইল তুলে নিচ্ছেন। খুব স্বল্প সময়ে নতুন পাইল স্থাপন করা হবে।
এ বিষয়ে তাঁর মন্তব্য জানার জন্য ঠিকাদার মাহফুজ খানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।