
রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া-বাগমারা আঞ্চলিক সড়ক সংস্কারের দুই মাসের মাথায় পিচ উঠে গেছে। কাজ শেষ হওয়ার পরও রাস্তার মাঝে খুঁটি পুঁতে রাখা হয়েছে। ফলে যান চলাচলে সমস্যা হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এ কাজ করা হয়। এলজিইডি রাজবাড়ী সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার আলীপুর থেকে বাগমারা হাট পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা মেরামত করা হয় গত ১ জানুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত। সংস্কারকাজের দায়িত্ব পায় ফরিদপুরের মেসার্স সুপ্তি ট্রেডার্স। ঠিকাদার ছিলেন আবদুর রহিম মোল্লা। কাজের চুক্তিমূল্য ৫৬ লাখ ৫০ হাজার ৫৪২ টাকা।
বাসিন্দারা অভিযোগ করেন, কাজ সম্পন্ন করার কয়েক দিনের মধ্যে বিভিন্ন স্থানে পিচ উঠে যায়। ফলে আবার সংস্কারকাজ করা হয়। পরে বাগমারা ও মাটিপাড়া কাজী ছমিরউদ্দিন উচ্চবিদ্যালয়ের পাশে রাস্তার মাঝে মোটা খুঁটি পুঁতে দেন ঠিকাদার।
গত ২৯ মে সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা মোড় থেকে প্রায় ২০ মিটার দূরে রাস্তার মাঝখানে একটি মোটা খুঁটি পুঁতে রাখা। খুঁটির একপাশ দিয়ে ভ্যান, মোটরসাইকেল, রিকশা ও নছিমন চলাচল করছে। অন্য ভারী যান এই রাস্তায় চলাচল বন্ধ।
ঠিকাদার আবদুর রহিম মোল্লা রামকান্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘কাজে কোনো অনিয়ম করা হয়নি। ১০ চাকার ট্রাক চলাচল করে রাস্তা নষ্ট করে ফেলে। ফলে রাস্তার উভয় পাশে খুঁটি পুঁতে রেখেছি।’
এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী স্বপন কুমার গুহ বলেন, ওই সড়ক দিয়ে বালুবোঝাই ট্রাক চলে। এ কারণে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে ঠিকাদার রাস্তায় খুঁটি পুঁতেছিলেন। এখনো সেটি আছে কি না, জানি না।’