নিম্নমানের গম আসে আ.লীগ নেতাদের তদবিরে!
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় স্থানীয় সাংসদ আবদুর রউফ ‘নিম্নমানের’ যে গম খাদ্যগুদামে নিতে বাধা দিয়েছিলেন তা ক্ষমতাসীন দলের স্থানীয় কয়েকজন নেতার তদবিরে এসেছিল বলে অভিযোগ পাওয়া গেছে। যার ফলে খুলনা থেকে আসা ১৪ ট্রাক গম শনিবার রাত ১০টা পর্যন্ত কুষ্টিয়া শহরের বিভিন্ন আটার মিলে চলে যায়।
গত শনিবার সকালে ট্রাকের গম নিম্নমানের দাবি করে তা কুষ্টিয়ার কুমারখালী সরকারি খাদ্যগুদামে ঢোকাতে বাধা দেন সরকারদলীয় সাংসদ আবদুর রউফ।
অবশ্য কুষ্টিয়া-৪ আসনের (কুমারখালী-খোকসা) সাংসদ আবদুর রউফ সংবাদ মাধ্যমে প্রকাশিত তাঁর আগের বক্তব্য ও অবস্থান থেকে সরে এসে গতকাল দুপুরে সাংবাদিকদের জানান, গুদামে আনা গম সরকারি ছিল না। এ গম ফড়িয়া-ব্যবসায়ীদের।
গতকাল রোববার প্রথম আলোসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সকাল ১০টার দিকে জেলা খাদ্য কর্মকর্তা স্বপন কুমার কুন্ডু কুমারখালী খাদ্যগুদাম পরিদর্শনে যান। জানতে চাইলে তিনি বলেন, ‘সুন্দরভাবে সব ডিস্ট্রিবিউশন হয়ে গেছে ব্রাজিল থেকে আনা গম।’ নাম প্রকাশে অনিচ্ছুক খাদ্য অফিসের এক কর্মকর্তা জানান, কুমারখালী উপজেলায় জুন মাসে টেস্ট রিলিফের (টিআর) প্রকল্পে ২৩৪ টন গম বিশেষ বরাদ্দ দেওয়া হয়। কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খান, সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার চেয়ারম্যান শামসুজ্জামান অরুন এবং জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কুমারখালীর কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হকের তদবিরে প্রায় ১৫০টি প্রকল্পের অধীনে ওই গম বরাদ্দ আসে।
অভিযোগ পাওয়া গেছে, টিআরের বিশেষ প্রকল্পে কোনো কাজ না করেই ২৩৪ টন গম কেনাবেচা হয়ে গেছে। আগে থেকেই বরাদ্দের গমগুলো স্থানীয় খাদ্য ব্যবসায়ী ও একটি কলেজের শিক্ষক আলামিন রেজা ওরফে এডিশন কিনে রেখেছিলেন। এ জন্য শনিবার সারা দিন এডিশন কুমারখালী খাদ্যগুদামে গম নিয়ে খাদ্য কর্মকর্তার কক্ষে ছিলেন। রাত ১০টা পর্যন্ত ট্রাকভর্তি গম কুষ্টিয়া শহরের বিভিন্ন আটা মিলে সরবরাহ করা হয়।
কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কুদ্দুস বলেন, কুমারখালীতে এক চক্র গুদাম কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে টন টন বরাদ্দের খাদ্যশস্য বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এতে আওয়ামী লীগের কিছু লোকও জড়িত আছে। যোগাযোগ করা হলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মান্নান খান বলেন, সাংসদ অবৈধ হস্তক্ষেপ করে গম নামাতে বাধা দিয়েছিলেন। তিনি ব্যবসায়ী ও কর্মকর্তাদের কাছ থেকে কালোটাকা কামাতে এসব করেছেন।