নিম্নমানের সাইনবোর্ড বানিয়ে দায় এড়ানোর চেষ্টা
প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জিন্দার আলীর কার্যালয় নিম্নমানের সাইনবোর্ড বানিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এর আগে ১০ ফেব্রুয়ারি অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পে সাইনবোর্ড না টাঙিয়ে টাকা আত্মসাৎ করা নিয়ে প্রথম আলোয় ‘সাইনবোর্ডের সব বরাদ্দই আত্মসাতের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
গত বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, উপজেলার এমএম মার্কেটের স্মৃতি আর্টে সাইনবোর্ড তৈরি করা হচ্ছে। স্মৃতি আর্টের স্বত্বাধিকারী তপন চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর গত সপ্তাহে চিরিরবন্দর পিআইও কার্যালয়ের অফিস সহকারী মো. শাহজাহান আলী তাঁকে ৬০টি সাইনবোর্ড তৈরির বায়না দেন। প্রতিটি সাইনবোর্ড ৫০০ টাকা চুক্তিতে অগ্রিম ১৫ হাজার টাকা দিয়েছেন। তিনি ৩০টি সাইনবোর্ড নিয়ে গেছেন। বাকি ৩০টি আজ (শনিবার) নিয়ে যাবেন বলে তপন চন্দ্র জানান। তবে ৯ ফেব্রুয়ারি তপন চন্দ্র প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেছিলেন, পিআইও জিন্দার আলী তাঁকে ৬০টি সাইনবোর্ড তৈরি করার কথা বলেন। এ কথা বলে পিআইও প্রতিটি সাইনবোর্ড ২ হাজার ৫৫০ টাকা করে মোট ১ লাখ ৫৩ হাজার টাকার ভাউচার করে চেকে স্বাক্ষর নিয়ে প্রকল্পের সব টাকা তুলে নেন।
সরেজমিনে দেখা যায়, পাতলা টিনের পাতের পেছনে নিম্নমানের কাঠ দিয়ে সাইনবোর্ড তৈরি করা হচ্ছে। নিয়ম অনুযায়ী প্রতিটি সাইনবোর্ডের আয়তন হবে ৬ ফুট বাই ১২ বর্গফুট। প্রতিটি সাইনবোর্ড শক্ত কাঠ বা স্টিলের ফ্রেমযুক্ত জিআই শিটের তৈরি হতে হবে। প্রতিটি সাইনবোর্ডের জন্য বরাদ্দ রয়েছে তিন হাজার টাকা। এর মধ্যে শতকরা ১৫ ভাগ ভ্যাট বাদ দিয়ে প্রতিটির জন্য ব্যয় ২ হাজার ৫৫০ টাকা। প্রকল্প শেষ হওয়ার পর এক মাস পর্যন্ত সাইনবোর্ডগুলো প্রকল্প এলাকায় টাঙিয়ে রাখতে হবে। এক মাস পর প্রতিটি সাইনবোর্ড সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে (ইউপি) সংরক্ষণ করতে হবে।
চিরিরবন্দর পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নে ৬০টি প্রকল্পে গত বছর ৭ নভেম্বর থেকে কাজ শুরু হয়। শেষ হয় এ বছর ৭ ফেব্রুয়ারি।
এ ব্যাপারে জানতে চাইলে পিআইও কার্যালয়ের অফিস সহকারী মো. শাহজাহান আলী গত বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, তিনি কোনো সাইনবোর্ড তৈরির অর্ডার দেননি। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
এদিকে জিন্দার সম্প্রতি সিরাজগঞ্জের শাহজাদপুরে বদলি হয়েছেন। বর্তমান চিরিরবন্দরে কর্মরত পিআইও এ কে এম মমিনুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি ৩ ফেব্রুয়ারি চিরিরবন্দরে যোগদান করেছেন। যোগদান করার পর জিন্দার আলী মুঠোফোনে মমিনুল হককে জানান, কয়েকটি প্রকল্পে সাইনবোর্ড লাগানো হয়নি। তাঁর (জিন্দার আলীর) লোকজন কয়েক দিনের মধ্যে সাইনবোর্ডগুলো লাগিয়ে দেবেন। সাইনবোর্ড কীভাবে তৈরি করা হচ্ছে এ বিষয়ে মমিনুল কিছু জানেন না বলে জানান।
এ বিষয়ে গতকাল শুক্রবার মুঠোফোনে ফোন করে ও খুদেবার্তা পাঠিয়েও পিআইও জিন্দার আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জানতে চাইলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান মুঠোফোনে গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।