রাঙামাটি শহরের রাঙ্গাপানি-আসাম বস্তি সড়ক উন্নয়নের কাজে ধীরগতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি রাঙামাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষ স্বীকার করলেও সংশ্লিষ্ট ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছেন।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে কাদা জমেছে। কার্পেটিং তুলে রাখা অংশ এবড়োখেবড়ো হয়ে আছে। ওই সড়কে চলাচলকারী অটোরিকশার চালকেরা বলেন, সড়কটি আগে ভালো ছিল। কিন্তু উন্নয়নকাজ ধীরগতিতে চলায় সড়কটির অবস্থা বেহাল। এ ছাড়া নানা অংশে গর্ত আর কাদা জমায় অনেক সময় অটোরিকশা দুর্ঘটনার শিকার হচ্ছে।
এলজিইডি সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে সড়কটি উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। ওই সময় দরপত্র আহ্বান করা হলে একজন আদিবাসী ঠিকাদারের নামে যুবলীগের এক নেতা কাজটি নেন। প্রায় দেড় বছর পর কাজটি শুরু করে সড়কের বিভিন্ন অংশের কার্পেটিং তুলে ফেলা হয়। কিন্তু কয়েক দিন পর কাজ বন্ধ হয়ে যায়। ওই অবস্থায় আবারও দরপত্র আহ্বান করা হলে সড়কের প্রথম দুই হাজার ৪০০ মিটার অংশের (ভেদভেদি-রাঙ্গাপানি) কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালেহা এন্টারপ্রাইজ। এ বছরের ৩০ সেপ্টেম্বর এই কাজ শেষ হওয়ার কথা। কিন্তু কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৪০ থেকে ৫০ শতাংশ।
এদিকে স্থানীয় লোকজনের অভিযোগ, সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে প্রকৌশলী, ঠিকাদার ও নির্মাণশ্রমিকদের বলা হলেও তাঁরা কোনো পাত্তা দেননি।
রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ধীরেন্দ্র লাল চাকমা বলেন, ‘কাজের ধীরগতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি নিয়ে সড়ক উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বারবার বলার পরও তাঁরা কোনো কথা কানে নেন না।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা কাজের মান ও অগ্রগতি সন্তোষজনক নয় বলে স্বীকার করেন। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে ঠিকাদারকে জুনে লিখিত ও মৌখিক তাগিদ দিয়েছি। কিন্তু তার পরও কাজ হয়নি।’
তবে মেসার্স সালেহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর কামাল নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘দরপত্রে উল্লিখিত মান অনুযায়ী সবকিছু ব্যবহার করা হচ্ছে। বৃষ্টির কারণে কাজে ব্যাঘাত ঘটছে। তবে চলতি বছরের মধ্যে কাজটি শেষ হবে।’