নিয়ম না মেনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের ২১টি গাছ অধ্যক্ষ আবদুর রহিম বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার বিকেলে কলেজ প্রাঙ্গণে হওয়া নিলামে ১৫ হাজার টাকা দর ওঠে গাছগুলোর।
উপজেলা বন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়ম হলো, উপজেলা পর্যায়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের গাছ বিক্রি করার প্রয়োজন হলে চার সদস্যের একটি কমিটি গঠন করতে হয়। সেই কমিটির প্রধান থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী, বিভাগীয় বন কর্মকর্তার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান প্রথমে কমিটি বরাবর লিখিত আবেদন করবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ওই কমিটির সভায় গাছ কাটার প্রয়োজনীয়তা যাচাই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে সহকারী প্রকৌশলী ও বন বিভাগের কর্মকর্তা গাছের বাজারমূল্য নির্ধারণ করে গাছ বিক্রির দরপত্র তৈরি করবেন। প্রকাশ্য নিলামের মাধ্যমে গাছ বিক্রি করে ওই টাকা শিক্ষাপ্রতিষ্ঠানের হিসাবে জমা হবে। সবশেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ-সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিতে হয়।
বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ সূত্রে জানা গেছে, খেলার মাঠ তৈরির জন্য গত ১৭ জুলাই কলেজের পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) সভায় ক্যাম্পাসের ২১টি গাছ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। গাছগুলোর মধ্যে মেহগনি, কড়ই, আকাশমণি প্রজাতির গাছও রয়েছে। ২২ সেপ্টেম্বর গাছ বিক্রি করতে কলেজের ফটকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। ওই দিন উপজেলা সদরে মাইকিংও করা হয়। তবে বিজ্ঞপ্তিতে তা প্রকাশের তারিখ ১৬ সেপ্টেম্বর বলে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে পাঁচ হাজার টাকার বিনিময়ে অফিস কক্ষ থেকে দরপত্র কেনার কথা বলা হয়। সেখানে ২১টি গাছের সর্বনিম্ন দাম ধরা হয় ১০ হাজার টাকা। দরপত্র ক্রয়ের শেষ তারিখ ছিল গত মঙ্গলবার।
বুধবার নিলামে জগন্নাথপুর গ্রামের কাঠ ব্যবসায়ী আবদুর রব সর্বোচ্চ ১৫ হাজার টাকা দর হাঁকেন। তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষ তাঁকে গাছগুলো হস্তান্তরের বিষয়ে আগামী দু-তিন দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে।
বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রহিম বলেন, ‘বিধিমোতাবেক কলেজের গাছ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউএনওর সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তবে লিখিত কোনো আবেদন দেওয়া হয়নি। আমরা কলেজ থেকে একটি কমিটির মাধ্যমে গাছ বিক্রি করছি। বিধিমোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা না জানলে আপনারা তাঁর সঙ্গে যোগাযোগ করেন।’
এদিকে ইউএনও মামনুর রশিদ বলেন, ‘শুনেছি, কলেজের কিছু গাছ বিক্রি করে দেওয়া হচ্ছে। তবে গাছ বিক্রি করতে কলেজ থেকে কেউ আবেদন করেনি। বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রমাণ পেলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা বন কর্মকর্তা আবদুল মতিন বলেন, ‘বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের গাছ কাটার বিষয়ে আমরা কিছুই জানি না। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা আছে, আর তা মেনে চলতে শিক্ষাপ্রতিষ্ঠান বাধ্য। যথাযথ নিয়ম না মেনে শিক্ষাপ্রতিষ্ঠানের গাছ কাটা হলে মামলা করা হবে।’