নিয়ম ভেঙে ছুটি নিয়ে চিকিৎসক উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধিবহির্ভূতভাবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনসালট্যান্ট অরুণ সরকারকে বিদেশে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। ১৫ দিনের জন্য এই ছুটি কার্যকর হলেও তিনি দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। হাসপাতালের পরিচালক নিয়মবহির্ভূতভাবে ছুটি প্রদানের বিষয়টি স্বীকার করেছেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, কোনো কর্মকর্তা তাঁর ছুটির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করতে পারেন। মন্ত্রণালয় সেই আবেদন মঞ্জুর করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে স্বশরীরে তাঁর কর্মস্থলে উপস্থিত হয়ে কর্তৃপক্ষের কাছে অনুমোদিত ছুটির রেফারেন্স উল্লেখ করে ছাড়পত্র চেয়ে লিখিত আবেদন করতে হবে। কিন্তু অরুণ সরকারের ব্যাপারে এ নিয়ম মানা হয়নি। তিনি লিখিত আবেদন করেননি, স্বশরীরে হাজিরও হননি। ছুটি নিতে ই-মেইল চালাচালি করেছেন।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, অরুণ সরকার গত ১৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ২৮ আগস্ট দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অবহিত করে পাঠানো এক চিঠিতে বলেছে, ১৫ দিনের জন্য ভারতে তীর্থ ভ্রমণের জন্য অরুণ সরকারের অর্জিত ছুটি মঞ্জুর করা হয়েছে। ১৬ আগস্ট বা এর পরে যেকোনো দিন থেকে ১৫ দিনের জন্য এই ছুটি কার্যকর হবে।
তবে এই অর্জিত ছুটি কার্যকর হয়েছে ৮ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। স্ত্রীর রহস্যজনক মৃত্যুর পর থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসপাতালের পরিচালক ছিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, অরুণ ই-মেইলের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেছিলেন। ফিরতি ই-মেইলেই তাঁকে ছুটির ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে যে প্রক্রিয়ায় তিনি ছুটির আবেদন করেছেন তা নিয়মবহির্ভূত।
পরিচালক আরও বলেন, অরুণ তাঁর কর্মস্থলের কর্তাব্যক্তির কাছে ছুটির কোনো আবেদন করেননি। স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের কাছে আবেদন করেছেন। সেখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ই-মেইলে ছাড়পত্র প্রদানের নির্দেশ আসায় হাসপাতাল কর্তৃপক্ষ সেই নির্দেশ পালন করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, অরুণ সরকার রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা। ছয় বছর আগে দিনাজপুরের বড় বন্দর এলাকার বাসিন্দা ও দিনাজপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শুভ্রা রায় ওরফে সুমির সঙ্গে বিয়ে হয়। তাঁদের কোনো সন্তান ছিল না। গত ৩ আগস্ট দিবাগত রাতে অরুণ সরকারের স্ত্রী শুভ্রা রায় মারা যান। ওই সময় অরুণ স্ত্রীর পাশেই ঘুমিয়ে ছিলেন। কিন্তু মারা যাওয়ার দুই ঘণ্টা পর তিনি তাঁর শ্বশুরবাড়ির লোকজনদের খবর দেন। শুভ্রার এই মৃত্যু স্বাভাবিক নয় বলে তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এই ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। লাশেরও ময়নাতদন্ত হয়নি।
শুভ্রা রায়ের বোনজামাই বি কে বোস জানান, শুভ্রার মৃত্যুর খবর পেয়ে তিনি ৪ আগস্ট ভোরে তাঁর শ্যালক সুব্রত রায়সহ দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় অরুণ সরকারের বাসায় যান। পরে তিনি অরুণ সরকারসহ শুভ্রাকে নিয়ে শহরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দুই ঘণ্টা আগেই শুভ্রার মৃত্যু হয়েছে বলে জানান। এ সময় অরুণ তাঁর স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে উধাও হয়ে যান।
শুভ্রার মা হীরা রায় বলেন, ‘৫ আগস্ট শুভ্রার মুখাগ্নি করে অরুণ। এর পর থেকে অরুণকে আর পাওয়া যায়নি। এমনকি শুভ্রার শ্রাদ্ধ অনুষ্ঠানেও অরুণ অংশ নেয়নি। মোবাইলে ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। তার এসব আচরণ দেখে আমাদের সন্দেহ হচ্ছে।’
এ ব্যাপারে জানতে অরুণ সরকারের মুঠোফোনে সংযোগ দেওয়া হলেও তিনি ধরেননি। অরুণ এখন কোথায় আছেন এ বিষয়ে জানতে অরুণের বড় ভাই মলয় কুমার সরকারের মুঠোফোনে সংযোগ দেওয়া হলে তিনিও ফোন ধরেননি। অরুণের মা জ্যোতিরেখা স্বপ্না সরকার মুঠোফোনে সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ কেটে দেন।