নিয়ম মানছেন না থ্রি হুইলারের চালকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের রাস্তায় থ্রি–হুইলার l প্রথম আলো
নগরের রাস্তায় থ্রি–হুইলার l প্রথম আলো

দুর্ঘটনা এড়াতে খুলনা নগরে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন এবং চালকের পাশে যাত্রী বসিয়ে থ্রি-হুইলার চালানোর ওপর নিষেধাজ্ঞা আছে। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে চালকের পাশে বসিয়ে এবং অতিরিক্ত যাত্রী নিয়ে নিয়মিত চলছে এই যান।
নিষেধাজ্ঞা অমান্যকারী এসব চালকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও পুলিশ এ ক্ষেত্রে তেমন ভূমিকা পালন করছে না বলে অভিযোগ রয়েছে। তবে খুলনা মেট্রোপলিটন পুলিশ বলছে, তারা আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
ছয় মাস ধরে জেলা আইনশৃঙ্খলা কমিটির প্রায় প্রতিটি মাসিক সভায় থ্রি-হুইলারে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং চালকের পাশে যাত্রী বসানো যাবে না বলে সিদ্ধান্ত হয়। কিন্তু এর কোনো বাস্তবায়ন নেই।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যসচিব মো. নূর-ই-আলম প্রথম আলোকে বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। এ ব্যাপারে পুলিশকে চিঠি দেওয়া আছে। বাস্তবায়ন কেন হচ্ছে না, তার ব্যাখ্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই ভালো দিতে পারবে। ১৭ ফেব্রুয়ারি বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত খালিশপুরের নতুন রাস্তা মোড়ে অবস্থান করে দেখা যায়, এই আধা ঘণ্টায় ওই সড়ক ধরে ৫৩টি থ্রি-হুইলার চলাচল করেছে। এর মধ্যে ৪৭টিতেই চালকের দুই পাশে যাত্রী ছিল। একই দিন সন্ধ্যা সাতটা থেকে সোয়া সাতটা পর্যন্ত বয়রা বিভাগীয় গ্রন্থাগারের সামনে দেখা যায়, যশোর রোড ধরে চলা ৩৬টি থ্রি-হুইলারের মধ্যে ৩৪টিতেই চালকের দুই পাশে যাত্রী ছিল।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান বলেন, থ্রি-হুইলারের চালকেরা বেপরোয়া গাড়ি চালান। তা ছাড়া অতিরিক্ত যাত্রী বহন তো আছেই। বিষয়টি নিয়ে ট্রাফিক পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে অনীহা দেখা যায়। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মো. কলিমুল্লাহ দাবি করেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাঁরা নিয়মিত ব্যবস্থা নিচ্ছেন। মামলাও দেওয়া হচ্ছে। এর বাইরে কেউ নিয়ম না মেনে গাড়ি চালালে সেটা তাঁদের দৃষ্টির অন্তরালে হচ্ছে।