নিয়ামতপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৮
নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে সংঘর্ষে তিন নারীসহ উভয় পক্ষের আটজন আহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার হাজিনগর ইউনিয়নের বাঐচন্ডি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন বাঐচন্ডি গ্রামের আবদুল হান্নান (৬৫), সাদেকুল ইসলাম (৩৫), জিয়াউর রহমান (৩০), রংফুল বিবি (৫০), ফুলতারা (৩০), রোকসানা (২২), বারিউল ইসলাম (১৮), তরিকুল ইসলাম (৩৫)। তাদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, আবদুল হান্নানের বাড়ির পাশের দুই বিঘা জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে একই গ্রামের দুখু মিয়া ও তরিকুল ইসলামের দ্বন্দ্ব চলে আসছে। গতকাল সকাল ১০টার দিকে আবদুল হান্নান, তাঁর দুই ছেলে সাদেকুল ও জিয়াউর রহমান বাড়ির পাশে জমিতে ধানের চারা রোপণ করছিলেন। এ সময় একই গ্রামের ইসমাইল মণ্ডল, দুখু মিয়া, তরিকুল ইসলাম ও আবু তালহা তাঁদের কাজে বাধা দেন। এতে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ হাঁসুয়া, লাঠি, কোদাল, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিন নারীসহ উভয় পক্ষের আটজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ঘটনাটি তাঁরা শুনেছেন। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।