নিয়োগ নিয়ে কোন্দল, বিদ্যালয়ে তালা
নাটোরের গুরুদাসপুর উপজেলার নওপাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে তিন দিন ধরে তালা ঝুলছে। এতে বিদ্যালয়টির চার শতাধিক শিক্ষার্থীর পড়ালেখা বিঘ্নিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকেরা।
দুই পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান শিক্ষক আনিসুর রহমান ও স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি লুৎফর রহমান দুজন শিক্ষককে নিয়োগ দেন। এতে অনিয়মের অভিযোগ এনে প্রতিপক্ষ একজন শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির দুই সদস্যের সমর্থকেরা বিদ্যালয়ে তালা ঝুলিয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর জানান, উভয় পক্ষকে তালা খুলে দেওয়ার জন্য বলেও কাজ হয়নি। বাধ্য হয়ে স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের হস্তক্ষেপে বিষয়টি সুরাহা করতে দুপক্ষকে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইয়াসমিন আক্তার গতকাল বৃহস্পতিবার বলেন, আগামী শনিবার পুলিশ পাহারায় হলেও স্কুলের তালা খুলে পড়ালেখার পরিবেশ সৃষ্টি করা হবে।
কয়েকজন শিক্ষক জানান, তাঁরা নিয়মিত স্কুলে আসছেন। কিন্তু গত মঙ্গলবার থেকে স্কুলের অফিসকক্ষ, শ্রেণিকক্ষ ও দ্বিতীয় তলায় ওঠার কলাপসিবল গেটে দুটি করে তালা ঝুলছে। শিক্ষক-কর্মচারীরা স্কুলের বারান্দায় বেঞ্চ পেতে অলস সময় কাটাচ্ছেন। শিক্ষার্থীরা মাঠে ঘোরাঘুরি করছে। শতাধিক বহিরাগত যুবক স্কুলের সামনের সড়কে জটলা করছেন। এতে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষা শুরু হবে। তাদের ক্ষতি হচ্ছে আরও বেশি।
স্কুলের আয়া সুফিয়া বেগম জানান, তিনি গত মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় স্কুলে এসে তালা ঝুলতে দেখেন। বিষয়টি প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে জানানোর পরও তালা খোলা হয়নি।
ব্যবস্থাপনা কমিটির সদস্য তয়েজ উদ্দিন ও মো. সাইফুল ইসলাম অভিযোগ করেন, স্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমান ও কমিটির সভাপতি লুৎফর রহমান গ্রন্থাগারিক পদে মোছা. শামীমা খাতুন ও সমাজবিজ্ঞান শিক্ষক পদে মো. আরশেদ আলীকে প্রায় দেড় বছর আগে গোপনে নিয়োগ দিয়ে আর্থিক ফায়দা লুটেছেন। গত রোববার তাঁরা স্কুলে যোগদান করলে ঘটনাটি ফাঁস হয়। এতে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে স্কুলে তালা ঝুলিয়ে এর প্রতিবাদ জানান। সমাধান না হওয়া পর্যন্ত এ অবস্থা চলতে থাকবে।
এ ব্যাপারে জানতে চাইলে ব্যবস্থাপনা কমিটির সভাপতি লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা বিধি অনুসরণ করেই নিয়োগ দিয়েছেন। এর মধ্যে গ্রন্থাগারিকের বেতনও এসেছে। স্কুলের একজন শিক্ষককে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে স্কুলটিতে অচলাবস্থার সৃষ্টি করেছেন। বিষয়টি স্থানীয় সাংসদের হস্তক্ষেপে সমাধানের পথে রয়েছে। স্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমান অসুস্থ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আমির হোসেন, হায়াত আলী, আবদুল গফুর নামের কয়েকজন অভিভাবক জানান, শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতভেদ থাকতে পারে। কিন্তু স্কুল বন্ধ করে দাবি আদায় করতে গিয়ে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতির বিষয়টি কেউ ভাবছে না। তাঁরা স্কুলটি খুলে দিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।