নিয়োগ পরীক্ষা ডেকে কর্তৃপক্ষ উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নেওয়ার দিনক্ষণ ঘোষণা করে একটি বেসরকারি সংস্থা (এনজিও)। গতকাল শুক্রবার বগুড়া শহরের সেন্ট্রাল উচ্চবিদ্যালয়ে বিভিন্ন জেলা থেকে কয়েক শ প্রার্থী চাকরির পরীক্ষা দিতে আসেন। কিন্তু সেখানে এনজিওটির কাউকে না পেয়ে তাঁরা বিক্ষোভ করেছেন।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার তেঘুর গ্রাম থেকে পরীক্ষা দিতে আসেন রংপুর কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এমদাদুল হক। তিনি বলেন, জনকল্যাণ সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (জেএসডি) নামের ঢাকার একটি সংস্থা গত ২৫ আগস্ট একটি জাতীয় দৈনিকে বিভিন্ন পদে ৭৫০ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এসব পদের মধ্যে ছিল পাঁচজন আঞ্চলিক ব্যবস্থাপক, পাঁচজন সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক, ১০ জন এলাকা ব্যবস্থাপক, ১০ জন সহকারী এলাকা ব্যবস্থাপক, ১০০ জন শাখা ব্যবস্থাপক, ২০০ জন মাঠ কর্মকর্তা এবং ৩০০ জন সহকারী মাঠ কর্মকর্তা। এসব পদে আকর্ষণীয় বেতন-ভাতার কথা উল্লেখ ছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮ সেপ্টেম্বর (গতকাল) সকালে বগুড়ার সেন্ট্রাল হাইস্কুলে নিয়োগ পরীক্ষা বা সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে কয়েক শ প্রার্থী উপস্থিত হন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও ওই সংস্থার কাউকে সেখানে দেখা যায়নি। এরপর চাকরিপ্রার্থীরা বিক্ষোভ শুরু করেন।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রসুলপুর গ্রামের নূর আলম বলেন, ‘পত্রিকায় ওই বিজ্ঞপ্তি দেখে পরীক্ষা দিতে আসি। কিন্তু কেন্দ্রে এসে দেখি নিয়োগদাতা নেই। কোনো কারণে পরীক্ষা স্থগিত করলে তাঁরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে পারতেন। তা না করে তাঁরা আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। মাঝখান থেকে ভোগান্তি ছাড়াও যাতায়াত বাবদ বেশ কিছু টাকা খরচ হলো। একজন বেকারের জন্য এটা খুব কষ্টদায়ক।’
বগুড়া সদরের পীরগাছা এলাকার চাকরিপ্রত্যাশী জাকির হোসেন বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ পরীক্ষায় ডেকে এনে চাকরিদাতা প্রতিষ্ঠানের লোকজন অনুপস্থিত থেকে রীতিমতো তামাশা করেছেন। এতে মানসিকভাবেও চরম আঘাত পেয়েছেন চাকরিপ্রার্থীরা। প্রতারণার দায়ে ওই সংস্থার বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, চাকরি দেওয়ার নামে বেকার ছেলেমেয়েদের সঙ্গে এ ধরনের তামাশা করা দুঃখজনক। খোঁজখবর নিয়ে ওই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নন্দীগ্রামে বিদ্যালয়ে শিক্ষক ও গ্রন্থাগারিক পদে নিয়োগ পরীক্ষা পণ্ড: এদিকে এলাকাবাসীর বিক্ষোভের মুখে বগুড়ার নন্দীগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা পণ্ড হয়েছে। গতকাল নন্দীগ্রাম উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে এলাকাবাসী বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত ঘোষণা করে ঘটনাস্থল ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শী সাত-আটজন জানিয়েছেন, নন্দীগ্রাম উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ওই পদ শূন্য রেখে সম্প্রতি সহকারী শিক্ষক ও গ্রন্থাগারিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। গতকাল সকাল নয়টায় নিয়োগ পরীক্ষা হওয়ার কথা। সে অনুযায়ী নিয়োগ কমিটির সদস্যরা ছাড়াও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলীও উপস্থিত হন। কিন্তু পরীক্ষার আগেই নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। তাঁরা নিয়োগপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভের মুখে পরীক্ষা স্থগিত করা হয়।
নন্দীগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য রেখে অন্য দুটি পদে নিয়োগের উদ্যোগ নেওয়ায় এই জটিলতার সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।