রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪৫৪তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই পাঁচ কর্মচারী হলেন পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উচ্চমান সহকারী শংকর চন্দ্র সাহা, শহীদ জিয়াউর রহমান হলের সাধারণ কর্মচারী খালিদ হোসেন সরদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পিয়ন সেকেন্দার আলী, গণিত বিভাগের পিয়ন হাবিবুর রহমান ও পদার্থবিজ্ঞান বিভাগের পিয়ন আব্বাস আলী।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও সিন্ডিকেটের সদস্য চৌধুরী সারওয়ার জাহান জানান, ‘বরখাস্ত হওয়া কর্মচারীরা বিভিন্ন সময়ে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। এরপর তারা চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া তো দূরের কথা, টাকাও ফেরত দেয়নি।’ তিনি জানান, প্রতারণার শিকার চাকরিপ্রার্থী ও তাঁদের স্বজনেরা অর্থ আত্মসাতের ব্যাপারে এই পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের ৪৫০তম সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের জন্য কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।