নিয়োগকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর
বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরীর নিয়োগ দেওয়া নিয়ে গত সোমবার সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এবং আওয়ামী লীগ নেতার নেতৃত্বে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলার পক্ষ থেকে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা গ্রহণ ও গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে। একই দাবিতে তারা সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে।
সমিতির সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক চায়না ব্যানার্জি জানান, হামলা ও নির্যাতনের ঘটনায় ফারুক আহমেদ বাদী হয়ে সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার করেন। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত মামলা নেয়নি পুলিশ।
প্রত্যক্ষদর্শী মোস্তফা মোল্লা বলেন, সোমবার সকালে তিনি দেখেন বিদ্যালয়ের ভেতরে প্রধান শিক্ষক ফারুক আহমেদকে মারধর করা হচ্ছে। একপর্যায়ে তাঁকে মেঝেতে ফেলে রাখা হয়। পরে হামলাকারীদের অনুরোধ করে তিনি প্রধান শিক্ষককে তাঁর বাড়িতে পৌঁছে দেন। এরপর তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ফারুক আহমেদ জানান, সকালে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ওবায়দুর রহমান তাঁকে অফিসে ডেকে পাঠান। কক্ষে ঢোকার পর মো. আবদুল্লাহকে দপ্তরি কাম প্রহরী পদে কেন নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি এবং বাঁশদাহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও পুলিশিং কমিটির সহসভাপতি হাসান আলী সরদারসহ ২০ থেকে ২৫ তাঁর ওপর হামলা চালায়। তাঁকে কিল, ঘুষি ও চেয়ার দিয়ে বেধড়ক মারধর করা হয়।
ওবায়দুর রহমান জানান, নিয়োগ পরীক্ষায় তলুইগাছা গ্রামের মো. নাজমুল হোসেন প্রথম ও মো. আবদুল্লাহ দ্বিতীয় হয়েছেন। নাজমুলকে নিয়োগ দেওয়ার জন্য প্রধান শিক্ষক তাঁর কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছেন। অথচ আবদুল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি সোমবার এলাকায় প্রচার করেন।
হাসান আলী সরদার বলেন, বড় ধরনের কিছু নয়। তাঁকে দু-চারটি চড় মারা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মিটিয়ে ফেলার চেষ্টা চলছে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, তিনি প্রাথমিক তদন্তে মারধর করার প্রমাণ পেয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, ড্রয়ার ভেঙে টাকা ছিনতাই করার বিষয়টি এজাহারে লেখায় মামলা নেওয়া হয়নি। এজাহারটি সংশোধন করে দিতে বলা হয়েছে।