নিয়োগে অনিয়মের অভিযোগ, ছয় প্রধান শিক্ষককে নোটিশ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা। দপ্তরি কাম প্রহরী নিয়োগ দেওয়ার বিষয়ে অনিয়মের অভিযোগ ওঠায় ২২ এপ্রিল তাঁদের এ নোটিশ দেওয়া হয়।
উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর ফিরোজ স্বাক্ষরিত ২২ এপ্রিলের এক চিঠিতে এ বিষয়টি উল্লেখ করা হয়। শিক্ষা কর্মকর্তা বলেন, দপ্তরি কাম প্রহরী নিয়োগ দেওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অনুমোদন লাগে। এ ছয়টি বিদ্যালয় অনুমোদন ছাড়া ছয়জন দপ্তরি নিয়োগ দিয়েছে। এ ছাড়া নিয়োগ দেওয়ার বিষয়টি ৫৩ দিন পর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
শিক্ষা কর্মকর্তার চিঠি থেকে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, পুঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবদুস ছোবাহান, ঘিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ, বিনায়েকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেফাত উদ্দিন, বেতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফা খাতুন ও বন্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম শফিউল আলম নিজেদের বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নিয়োগ দেয়। বিষয়টি শিক্ষকেরা ২১ এপ্রিল উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রেজিস্ট্রি চিঠি দিয়ে জানান।
এ বিষয়ে বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, ২০১৪ সালে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিপত্র অনুয়ায়ী, প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হলেন নিয়োগ কর্মকর্তা। এখানে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপের সুযোগ নেই। ৪৫ দিনের মধ্যে নিয়োগ না দিলে বৈধতা থাকবে না বিধায় নিয়োগ দেওয়া হয়েছে। এখানে নিয়মনীতির কোনো অনিয়ম করা হয়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, কোনো নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার বিধান আছে। এই নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি আছে। বিষয়টি পরিষ্কার করার জন্যই তাঁদের নোটিশ দেওয়া হয়েছে। এর
জবাব পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আলম বলেন, নিয়োগের প্রায় দুই মাস পর কর্তৃপক্ষকে জানানো বিষয়টি সন্দেহজনক।