নিয়োগের দাবিতে গ্যাসফিল্ডসের কার্যালয় ৭ ঘণ্টা ঘেরাও
ব্রাহ্মণবাড়িয়ায় নিয়োগপত্র না পেয়ে সাত ঘণ্টা বাংলাদেশ গ্যাসফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) প্রধান কার্যালয় ঘেরাও করেছেন শতাধিক প্রার্থী। উচ্চ আদালতের নির্দেশের বেঁধে দেওয়া সময় পার হওয়ার পরও নিয়োগপত্র পাননি তাঁরা। তাই আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে তাঁরা আবার ঘেরাও কর্মসূচি শুরু করেন। বেলা সোয়া দুইটার দিকে কর্তৃপক্ষের আশ্বাসে ঘেরাও তুলে নেওয়া হয়।
বিজিএফসিএলের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক রফিকুজ্জামান তালুকদারের ভাষ্য, আগামী শনিবার পেট্রোবাংলার প্রধান কার্যালয়ে ওই প্রার্থীদের নিয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই আশ্বাসের পরে নিয়োগপ্রার্থীরা ঘেরাও তুলে নেন।
সকাল সাতটার দিকে বিজিএফসিএলের প্রধান কার্যালয়ের মূল ফটকের সামনে মিছিল নিয়ে যান বিক্ষোভকারীরা। তাঁরা প্রতিষ্ঠানটির ভেতরে কোনো কর্মকর্তা-কর্মচারীকে ঢুকতে দেননি। ভেতরে থাকা কোনো কর্মকর্তা-কর্মচারীও বের হতে পারেননি। এ কারণে প্রধান কার্যালয়সহ গ্যাসফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের কাজ বন্ধ ছিল।
বিজিএফসিএলের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১৪৩ জন প্রার্থী নিয়োগপত্রের দাবিতে ওই কর্মসূচি পালন করেন। নিয়োগপত্রের দাবিতে ২০১২ সালের ৬ সেপ্টেম্বর ও ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি ও চলতি বছরের ১৯ অক্টোবর কোম্পানির প্রধান কার্যালয় ঘেরাও করেন। একই দাবিতে ৩০ অক্টোবর নিয়োগপ্রার্থীরা বিজিএফসিলের প্রধান কার্যালয় চার ঘণ্টা ঘেরাও করে রাখেন। কর্তৃপক্ষের ১০ দিনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা ১১টার দিকে কর্মসূচি তুলে নেন আন্দোলনকারীরা।
নিয়োগপ্রার্থী নাহিদ বাবু, জোবায়ের হোসেন প্রথম আলোকে বলেন, ‘উচ্চ আদালতের আপিল বিভাগের দেওয়া ছয় মাস সময় আজ পার হয়েছে। এর পরও তাঁরা আমাদের নিয়োগ দেওয়া নিয়ে গড়িমসি করছেন। আমরা নিয়োগপত্র না নিয়ে যাব না।’
২০১১ সালের ৮ এপ্রিল বিজিএফসিএলে কম্পিউটার অপারেটর, গাড়িচালক, ইলেকট্রিশিয়ান ও অ্যাটেনডেন্ট পদে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। এরপর ১৪৩ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়। এ অবস্থায় নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি তদন্ত করে। এতে অনিশ্চয়তায় পড়ে নিয়োগের কার্যক্রম। এর পর থেকে ওই ১৪৩ জন প্রার্থী আন্দোলন করছেন। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পরও নিয়োগ না দেওয়ায় তাঁরা গত বছর হাইকোর্টের আপিল বিভাগে একটি রিট পিটিশন দাখিল করেন। আদালত চলতি বছরের ১২ জুন নিয়োগ দেওয়ার জন্য কোম্পানি কর্তৃপক্ষকে ছয় মাস সময় বেঁধে দেন। কিন্তু ওই নির্দেশ দেওয়ার পর চার মাস পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ আজও নিয়োগপত্র দেয়নি।
বিজিএফসিএলের মহাব্যবস্থাপক (অর্থ) রফিকুল আলম বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।