নিয়োগের নামে প্রতারণা, যশোরে একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পদ্মা সেতু প্রকল্পে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এস এম হাবিবুল্লাহ হাবিব নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) যশোর কার্যালয়ের সদস্যরা গতকাল সোমবার বিকেলে তাঁকে শহরের মনিহার প্রেক্ষাগৃহ এলাকার নিজের দোকান থেকে আটক করেন। পরে হাবিবকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
হাবিবুল্লাহ যশোর প্রেসক্লাবের সহসভাপতি। এ ব্যাপারে প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান আটককৃত হাবিবুল্লাহর পরিচয় নিশ্চিত করে বলেন, দোষী হলে তাঁর শাস্তি হওয়া উচিত। আর নির্দোষ হলে তাঁকে ছেড়ে দেওয়া উচিত।
হাবিবের দোকান থেকে একটি কম্পিউটার, সেনাবাহিনীর নামে ব্যবহৃত ভুয়া কাগজপত্র, ১০৫টি আবেদনপত্র, পদ্মা সেতু প্রকল্পে চাকরির একাধিক ভুয়া নিয়োগপত্র জব্দ করা হয়েছে। হাবিব আটক হওয়ার খবর শুনে প্রতারণার শিকার ৫০ জনের মতো লোক র্যাব কার্যালয়ের সামনে জড়ো হন। তাঁরা হাবিবের বিচার দাবি করেন।
র্যাব-৬-এর যশোর কার্যালয়ের উপপরিচালক স্কোয়াড্রন লিডার কাওছার হোসেন প্রথম আলোকে বলেন, হাবিবুল্লাহ হাবিবের নেতৃত্বে একটি চক্র পদ্মা সেতুতে চাকরি দেওয়ার নামে বিভিন্ন সময়ে মানুষের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে। টাকা নিয়ে তাঁদের নিয়োগপত্র দেওয়া হলেও কেউ চাকরি পাননি। ভুক্তভোগী কয়েকজন লিখিত অভিযোগ দিলে র্যাব সদস্যরা হাবিবের আস্তানায় অভিযান চালিয়ে ভুয়া কাগজপত্রসহ তাঁকে আটক করেন। হাবিব নিজেই তাঁর অপরাধ স্বীকার করেছেন।
র্যাব সূত্রে জানা গেছে, সরকার পদ্মা সেতু নির্মাণের জন্য কর্মকাণ্ড শুরু করলে হাবিবুল্লাহসহ কয়েকজন প্রতারক ফাঁদ পেতে বসেন। তিনি বিভিন্ন মানুষকে বোঝানোর চেষ্টা করেন—পদ্মা সেতুতে কাজের জন্য সরকারের কয়েক হাজার শ্রমিক দরকার হবে। এ কারণে তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি নিয়োগ দিতে পারবেন। তাঁর কথা বিশ্বাস করে যশোর অঞ্চলের শতাধিক লোক তাঁর কাছে গিয়ে ১০০ টাকা দিয়ে ফরম পূরণ করেন। এরপর ডাক্তারি পরীক্ষার নামে প্রত্যেকের কাছ থেকে সাড়ে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আদায় করেন। টাকা নিয়ে আগ্রহী প্রার্থীদের ঢাকায় পাঠানো হয়। ঢাকার ফকিরাপুল, মিরপুরসহ বিভিন্ন এলাকার হাসপাতাল ও ক্লিনিকে গিয়ে প্রার্থীরা রক্তের নমুনা দিয়ে আসেন পরীক্ষার জন্য। একজনকে প্রয়োজনে একাধিকবার ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু পরীক্ষার রিপোর্ট আর আসেনি। এভাবে প্রায় তিন বছর কেটে গেছে।
র্যাবের উপপরিচালক কাওছার হোসেন গতকাল সন্ধ্যায় বলেন, চক্রের অন্যদের আটকে অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।