রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত সোমবার নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিকে বাংলাদেশ সরকারের প্রতি এ আহ্বান জানিয়েছে সংস্থাটি।
লংগদুতে যুবলীগের এক নেতার মৃত্যুর জেরে গত শুক্রবার পাহাড়িদের বহু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে কয়েকটি সুপারিশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, হামলার বিষয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। সুষ্ঠু ও স্বচ্ছ বিচারের মাধ্যমে এ ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে। তবে তা মৃত্যুদণ্ড এড়িয়ে। পাহাড়িদের ওপর এ হামলায় নিন্দা জানাতে হবে প্রকাশ্যে। এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া পাহাড়ি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে আরও পদক্ষেপ নিতে হবে।