নিরাপত্তা চাওয়ার দুই দিন পরেই হামলার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানায় এসে হামলার আশঙ্কার কথা জানিয়েছিলেন আওয়ামী লীগের দুই নেতা। নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরিও (জিডি) করতে চান। তবে পুলিশ বিষয়টি আমলে নেয়নি। এর দুই দিন পর গত শুক্রবার প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ওই দুজন এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
তাঁরা হলেন রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম (৫৩) ও কৃষক লীগের সাবেক সভাপতি আবদুর রাজ্জাক (৪০)।
জাহিদুল ইসলাম বলেন, গত ৩১ অক্টোবর ইউপি নির্বাচনে তিনি ও আবদুর রাজ্জাক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুস সালামের পক্ষে কাজ করেন। এ কারণে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আলমগীর সরকার ও তাঁর সমর্থকেরা তাঁদের প্রতি ক্ষুব্ধ ছিলেন। নির্বাচনে আলমগীর জয়ী হন। ভোটের পর তিনি বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এ কথা জানানোর জন্য গত বুধবার তিনি ও আবদুর রাজ্জাক বাগমারা থানায় আসেন। কিন্তু ওসি এ আশঙ্কা আমলে না নিয়ে তাঁদের ফেরত পাঠান।
ওসি সেলিম হোসেন বলেন, হামলাকারীদের চিহ্নিত করা গেছে। তাঁদের ধরার চেষ্টা চলছে। তাঁর কাছে হামলার আশঙ্কার কথা জানানো হয়নি দাবি করেন তিনি।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ও আহত দুজন জানান, শুক্রবার রাতে তাহেরপুর বাজারের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় জাহেদুল ইসলাম নিজের ওষুধের দোকানে বসে ছিলেন। সেখানে আবদুর রাজ্জাকও ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাত-আটজন দুর্বৃত্ত তাঁদের ঘিরে দুটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে তাঁদের জখম করে ফেলে যায়। স্থানীয় ফাঁড়িতে খবর দেওয়া হলে
পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাতেই তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সহকারী পুলিশ সুপার আসলাম হোসেন বলেন, তিনি ঘটনা শুনেছেন। মামলা হলে পুলিশ ব্যবস্থা নেবে।