নিরাপত্তা চেয়ে পাউবো প্রকৌশলীর জিডি
জীবনের নিরাপত্তা চেয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান আজ শনিবার নগরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। চার লাখ টাকা চাঁদা না দিলে বোমা মেরে গাড়িসহ তাঁকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে গতকাল শুক্রবার।
তাঁর মুঠোফোনে আনসারুল্লাহ বাংলা টিমের নাম দিয়ে পাঠানো এক খুদেবার্তায় এই হুমকি দেওয়া হয়।
মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরের দিকে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারেজের রেস্ট হাউসে বৈঠক করছিলেন তিনি। এ সময় তাঁর মুঠোফোনে একটি খুদেবার্তা পাঠিয়ে চার লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে গাড়িসহ পেট্রলবোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে ওই বার্তায় হুমকি দেওয়া হয়। এ ছাড়া তাঁর স্ত্রীকে অ্যাসিড মারার হুমকি দিয়ে ওই খুদেবার্তার বিষয়টি পুলিশকে না জানানোর জন্য বলা হয়। অন্যথায় তার পরিণতির জন্য তিনি একাই দায়ী থাকবেন বলে সতর্ক করা হয়। খুদেবার্তাটি মাওলানা দাউদ শিকদার নামে পাঠানো হয়। সেখানে আইএস সদস্য পরিচয় দিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের নাম সংক্ষেপে (এবিটি) লিখে আইএনসি বিডি উল্লেখ করা হয়।
মাহবুবুর রহমান বলেন, বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার ও র্যাব কর্মকর্তাকে অবহিত করেছেন। বিষয়টি জানার পর র্যাবের একটি দল নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের রংপুরের বাসায় গিয়ে পরিবারের নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী তাঁর থানায় জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন।