নিরাপত্তা প্রহরীকে হত্যা করে মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় বাড়ির নিরাপত্তা প্রহরী আবদুল গফুরকে (৫৫) হত্যা করে তিনটি মোটরসাইকেল চুরি করেছে দুর্বৃত্তরা। পুলিশ ওই বাড়ির নিচতলা থেকে আজ বুধবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

গফুরের বাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বলধরা গ্রামে। তিনি আশুলিয়ার চিত্রশাইল এলাকার একটি বাড়ির নিরাপত্তা প্রহরীর দায়িত্বে ছিলেন।

আশুলিয়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, পাঁচতলা বাড়িটির নিচতলায় পার্কিংয়ে সাতটি মোটরসাইকেল ছিল। প্রতিদিনের মতো গফুর গতকাল মঙ্গলবার রাতেও সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। কয়েকজন দুর্বৃত্ত ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকে হাত-পা ও মুখ বেঁধে তাঁকে হত্যা করে সেখান থেকে তিনটি মোটরসাইকেল নিয়ে চলে যায়। সকালে বাড়ির লোকজন গফুরের লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহতের ছেলে রমজান আলী আজ দুপুরের দিকে আশুলিয়া থানায় আসামি হিসেবে অজ্ঞাত পরিচয় উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বাড়ির মালিক আইয়ুব মোল্লা বলেন, তিন বছরেরও বেশি সময় ধরে গফুর তাঁর বাড়িতে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করে আসছিলেন। গত রাত ১১টার পর বাড়ির মূল ফটক বন্ধ করে গফুর নিচতলার পার্কিংয়ে তাঁর দায়িত্ব পালন করছিলেন। ভোর হওয়ার আগে কোনো এক সময় তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেল নিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে মোটরসাইকেল চুরির জন্যই দুর্বৃত্তরা ওই বাসায় ঢুকে। বাধা পেয়ে গফুরকে হত্যা করে তাঁরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। সম্ভবত তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।