নিরাপত্তা প্রহরীর হামলা রেললাইন অবরোধ
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে রেলওয়ে নিরাপত্তা প্রহরীর লাঠিপেটায় ছয় যাত্রী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোববার সীতাকুণ্ড রেলস্টেশনে রেললাইন অবরোধ করেন স্থানীয় লোকজন। এতে আটকা পড়ে ঢাকামুখী ডেমু এক্সপ্রেস ও মহানগর গোধূলী।
পরে হামলাকারীদের বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এ ঘটনায় ওই দুই নিরাপত্তা প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডে আসার সময় খুচরা টাকা নিয়ে টিকিট বুকিং কর্মকর্তা আবদুল মতিনের সঙ্গে যাত্রী মহিউদ্দীনের কথা-কাটাকাটি হয়। এর জেরে গতকাল রোববার নিরাপত্তা প্রহরী ও সীতাকুণ্ডের যাত্রীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
আহত যাত্রী মহিউদ্দীন অভিযোগ করেন, গতকাল রোববার ডেমু ট্রেনে ওঠার পর বোরহান ও সাইফুল ইসলাম নামের দুই নিরাপত্তা প্রহরী তাঁদের লাঠিপেটা করেন। এতে ছয় যাত্রী আহত হন। পরে ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন রেললাইন অবরোধ করেন।
আরেক যাত্রী আতাউল হাকিম আরিফ বলেন, প্রহরীরা শুধু লাঠিপেটা না, কোমরের বেল্ট দিয়ে যাত্রীদের মারধর করেছেন।
অবরোধকারী আনিসুল হক বলেন, চাকরির জন্য প্রতিদিন অনেক মানুষ চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড যাতায়াত করেন। বৃহস্পতিবার প্রহরীদের হামলায় তাঁর এক ভাই আহত হন। ওই খবর শুনে তিনি অন্যদের নিয়ে অবরোধ করতে এসেছেন।
হামলার অভিযোগ অস্বীকার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চট্টগ্রাম বিভাগীয় কমান্ড্যান্ট আবদুর রাজ্জাক বলেন, বৃহস্পতিবারের উত্তেজনা থামাতে সেখানে প্রহরী বোরহান ভূমিকা রেখেছিলেন। গতকাল ডেমু ট্রেনের ভেতরে তাঁকে দেখতে পেয়ে যাত্রীরা তাঁর ওপর চড়াও হয়। পরে সাইফুল তাঁকে সেখান থেকে বের করে নিয়ে যান।
সীতাকুণ্ড রেলস্টেশনের মাস্টার মতিলাল বড়ুয়া জানান, স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে স্টেশনে গিয়ে ট্রেন না ছাড়ার জন্য তাঁকে অবরুদ্ধ করেন। এ কারণে মহানগর গোধূলী ট্রেন ৪৫ মিনিট ও ডেমু ট্রেন এক ঘণ্টা দেরি হয়।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।