নিরাপত্তাকর্মী হত্যার এক যুগ পর ৪ ডাকাতের যাবজ্জীবন
চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৩ বছর আগে দুই নিরাপত্তাকর্মীকে পিটিয়ে খুনের মামলায় চার ডাকাতকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম আদালত) অশোক কুমার দত্ত এ রায় দেন।
সরকারি কৌঁসুলি মো. লোকমান হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত চার ডাকাতকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাদশা আলম, ফারুক মিয়া, মো. সেকান্দর ও আবুল কালাম আজাদ।
আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ২১ এপ্রিল সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় দ্বীন মোহাম্মদ শিপ ব্রেকিংয়ের দুই নিরাপত্তাকর্মী মো. হারুন ও জাহেদুল আলম পার্শ্ববর্তী দোকানে চা খেতে যান। ওই সময় ওৎ পেতে থাকা ডাকাত দলের সদস্যরা তাঁদের দুজনকে মারধর শুরু করেন। একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে ডাকাতরা পালিয়ে যান। পরে গুরুতর আহত দুই নিরাপত্তাকর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই ডাকাতদের গ্রেপ্তার করে।
তদন্ত শেষে পুলিশ ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয়। সেখানে বলা হয়, ডাকাত দলের সদস্যরা ডাকাতি করার জন্য দুই নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা করেন। স্থানীয় লোকজন চলে আসায় তাঁরা শিপ ব্রেকিংয়ের ভেতরে ঢুকতে না পেরে পালিয়ে যায়। ২০১০ সালের ৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এই রায় দেন।