নিরাপত্তাকর্মীকে গুলি করে আড়াই লাখ টাকা ছিনতাই
রাজধানীর রমনা থানাধীন হাজীপাড়া এলাকায় বেলায়েত হোসেন (৫০) নামের এক নিরাপত্তাকর্মীকে গুলি করে ২ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
বেলায়েতকে উদ্ধার করে বেলা সোয়া তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা আরেক নিরাপত্তাকর্মী আবুল বাশারের ভাষ্য, তাঁরা হাজীপাড়ার বণি অ্যাপারেলস নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। আজ দুপুরে বণি অ্যাপারেলসের আরেকটি প্রতিষ্ঠানে কর্মচারীদের বেতনের টাকা নিয়ে যাচ্ছিলেন বেলায়েতসহ আরও কয়েকজন নিরাপত্তাকর্মী। এ সময় তাঁরা হাজীপাড়ার পেট্রলপাম্পের সামনে পৌঁছাতেই চার-পাঁচজন ছিনতাইকারী বেলায়েতকে ঘিরে ফেলে।এরপর বেলায়েতের ঊরুতে গুলি করে তাঁর সঙ্গে থাকা দুই লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (ইন্সপেক্টর) মোজাম্মেল হক বলেন, হাসপাতালের জরুরি বিভাগে বেলায়েতের চিকিৎসা চলছে।