নিরাপত্তাকর্মীর পেটে গুলি
মহাখালী বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তার দায়িত্বে থাকা রফিকুল ইসলাম (৫০) নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলেছে, রফিকুল কর্তব্যরত থাকাকালে নিজে শটগানের গুলিতে আত্মহত্যার চেষ্টা করেছেন। বনানী থানার পুলিশ বলেছে, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম মহাখালীর বেসরকারি একটি এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এটিএম বুথে কর্তব্যরত অবস্থায় নিজ শটগানটি পেটে ঠেকিয়ে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি সপরিবারে মোহাম্মদপুরের গজমহলে থাকেন। বনানী থানার ওসি সালাহউদ্দিন খান গতকাল রাতে বলেন, রফিকুল পেটের টিউমারে ভুগছিলেন। এর অসহ্য ব্যথা সইতে না পেরে নিজের শটগান পেটে ঠেকিয়ে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।