নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রক্টরিয়াল বডির সদস্য পরিচয় দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তাকর্মীসহ কয়েকজন একই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর টাকা ছিনতাই করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পাশে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার একজন কর্মচারীকে ছিনতাইকারী বলে শনাক্ত করেন ওই শিক্ষার্থী। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই কর্মচারীকে ছেড়ে দেওয়া হয়।
ছিনতাইয়ের ঘটনায় অর্থ খোয়ানোর দাবি করা শিক্ষার্থীর নাম আবু সাঈদ শেখ। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। প্রথম আলোকে দেওয়া তাঁর ভাষ্য, গতকাল রাত সাড়ে আটটার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নাটক দেখে এক বন্ধুসহ কাজলা ফটকের দিকে যাচ্ছিলেন। এ সময় জুবেরী ভবনের পাশে দুই ব্যক্তি তাঁদের গতিরোধ করে নিজেদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য বলে পরিচয় দেন। এরপর তাঁর কাছ থেকে পরিচয়পত্র নিয়ে নেন তাঁরা। পুলিশের কাছে ধরিয়ে দেওয়া ও ছাত্রত্ব বাতিলেরও হুমকি দেন তাঁরা। এরপর তাঁদের কাজলায় নিয়ে গিয়ে তাঁর পরিচয়পত্র ফটোকপি করে মূলটা ফেরত দেন এবং সঙ্গে থাকা ২ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেন। ঘটনার পর তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দেন।
আবু সাঈদ শেখের ভাষ্যমতে, লিখিত অভিযোগ দেওয়ার পর আজ সকালে ক্যাম্পাসে ছিনতাইকারীদের একজনকে দেখে ধরে ফেলেন তিনি। পরে জানতে পারেন, তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী সাহাদুল ইসলাম। তাঁকে ধরে নিয়ে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যান তিনি। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাহাদুলকে ছেড়ে দেওয়া হয়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে ওই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ অস্বীকার করে সাহাদুল প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় আমার কোনো ডিউটিও ছিল না। আমি ছিনতাইয়ের ঘটনার কিছু জানি না।’