নিরাপত্তার দাবি ব্যবসায়ীর
দিনাজপুরের সুইহারিপট্টির রেজাউল করিম নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। টাকা না পেয়ে সাত দিন পর রেজাউলকে ছেড়ে দেওয়া হয়।
রেজাউল গতকাল বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তিনি বলেন, অপহরণে জড়িত লোকেরা এখন তাঁকে হত্যার হুমকি দিচ্ছে। এ অবস্থায় তিনি নিরাপত্তার দাবি জানান।
সংবাদ সম্মেলনে রেজাউল বলেন, কয়েক মাস অগে থেকে সুইহারি এলাকার আনোয়ার হোসেন ওরফে বাবু ও তপন অধিকারীর নেতৃত্বে একদল লোক তাঁর (রেজাউল) কাছে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৩১ ডিসেম্বর আনোয়ার ও তপনের নেতৃত্বে কয়েকজন তাঁকে দিনাজপুর সরকারি কলেজের সামনে থেকে অপহরণ করেন। সাত দিন পরও তাঁর পরিবার সাড়া না দেওয়ায় দুর্বৃত্তরা ৭ জানুয়ারি তাঁকে হাত-পা ও মুখ বেঁধে জেলার বিরল উপজেলার শালবাগানে ফেলে যায়। ১৩ জানুয়ারি রাতে আনোয়ার ও তপনকে র্যা ব আটক করে। ১৪ জানুয়ারি তিনি (রেজাউল) কোতোয়ালি থানায় আনোয়ার, তপনসহ সাত-আটজনের বিরুদ্ধে মামলা করেন।
র্যাব-১৩ দিনাজপুর কার্যালয়ের কমান্ডার মেজর মাহমুদ জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। মামলা না থাকায় এক আইনজীবীর জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।