কলেজছাত্রী মেয়ের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হওয়ার পর নিরাপত্তার অভাবে বাড়ি ছেড়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের অরবিন্দু মৃধা। গত বুধবার সন্ধ্যায় তিনি স্ত্রী ও বড় কন্যাকে নিয়ে অন্যত্র আশ্রয় নেন। এর আগে মঙ্গলবার শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
অরবিন্দু মৃধা বর্তমানে যশোর বিসিক কার্যালয়ের হিসাবরক্ষক। তিনি বলেন, ১৯ জানুয়ারি রাত সোয়া আটটার দিকে তাঁর মেয়ে শ্যামনগর সরকারি মহসিন কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী সুমিত্রা মৃধাকে নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে পুলিশ একটি অপমৃত্যুর মামলা করে। সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত হয়।
অরবিন্দু মৃধার অভিযোগ, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তাঁর মেয়েকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাঁর মেয়ের মৃত্যুর পর কয়েকজন প্রতিবেশী গা ঢাকা দেন। মেয়ের মৃত্যুর এক সপ্তাহ পর নিরাপত্তা চেয়ে তিনি শ্যামনগর থানায় জিডি করেন।
জিডিতে অরবিন্দু উল্লেখ করেন, বাড়িতে অন্য কেউ না থাকায় তাঁর মেয়ে সুমিত্রা মৃধাকে ১৯ জানুয়ারি রাত সোয়া আটটার দিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনার পরই তাঁর সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে—এমন কয়েকজন এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে তাঁরা এলাকায় ফিরে তাঁকে ভয়ভীতি দেখাচ্ছেন ও নানা হুমকি দিচ্ছেন। জিডিতে প্রতিবেশী পরিতোষ কুমার মণ্ডল, শ্যামল কুমার মণ্ডল, তপন কুমার মণ্ডল ও আমিনুর ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। তাঁর স্ত্রী কবিতা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা।
বাদঘাটা গ্রামের পরিতোষ কুমার মণ্ডল বলেন, তাঁরা গা ঢাকা দেননি। আর হুমকি-ধমকি দেওয়ার প্রশ্নই আসে না। মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে অরবিন্দু মৃধা তাঁদের ফাঁসানোর চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশের ময়নাতদন্ত হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় লাশের শরীরে কোনো দাগ বা অন্য কোনো চিহ্ন দেখা যায়নি। ফলে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এটি হত্যা কি না, তা বলা যাচ্ছে না। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।