নিরাপত্তারক্ষীর গলাকাটা লাশ উদ্ধার
আবদুল্লাহপুর গুদারাঘাট এলাকায় শাহাবুদ্দীন নামের এক নিরাপত্তারক্ষীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁর বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর উপজেলার বালাবাজার বালাকান্দি গ্রামে। গত শনিবার রাতে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম প্রথম আলোকে বলেন, আবদুল্লাহপুরের গুদারাঘাট এলাকায় শাহাবুদ্দীন ও তাঁর আরেক সহকর্মী মো. সেলিম জনশক্তি রপ্তানিকারক একটি সংস্থার গুদামঘর পাহারা দিতেন। ওই গুদামটি টিনের তৈরি। শনিবার রাত নটার দিকে ছেলের অসুস্থতার কথা জানিয়ে সেলিম তাঁর বাসায় চলে যান। গতকাল রোববার সকাল নটায় তিনি ফিরে এসে টিনের দরজার ফাঁক দিয়ে শাহাবুদ্দীনকে মাটিতে পড়ে থাকতে দেখেন। দরজা খুলে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।
পুলিশ বলছে, বছর খানেক ধরে ওই দুজনের সঙ্গে স্থানীয় আরেক বাসিন্দা আল-আমিন থাকতে শুরু করেন। এলাকার লোকজনের
ধারণা, আল-আমিনের মানসিক বিকৃতি আছে। শাহাবুদ্দীনের সহকর্মী মো. সেলিম পুলিশকে বলেন, শনিবার রাত নয়টার দিকে তিনি
যখন ঘটনাস্থল ছেড়ে বাসায় যান, তখনো আল-আমিনকে শাহাবুদ্দীনের সঙ্গে দেখে গেছেন। তবে সকালে তাঁকে আর ওই এলাকায় পাওয়া যায়নি।
শাহাবুদ্দীনের স্বজন আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, শাহাবুদ্দীনের কোনো শত্রু ছিল বলে তাঁরা জানেন না। দুই ছেলে এক মেয়ের জনক শাহাবুদ্দীন স্ত্রী-সন্তানসহ বহু বছর ধরে ঢাকাতেই থাকেন। রাস্তার এক পাশে শাহাবুদ্দীন গুদামঘর পাহারা দিতেন এবং চায়ের দোকান চালাতেন, অন্য পাশে থাকতেন তাঁর স্ত্রী। শনিবার রাতেও তিনি বাসা থেকে ভাত খেয়ে কাজে এসেছিলেন। তিনি যে বাড়ির এত কাছেই মরে পড়ে আছেন, বাড়ির কেউই তা জানতে পারেনি।
শাহাবুদ্দীন খুনের ঘটনায় তুরাগ থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
কথা-কাটাকাটির জেরে প্রাণ গেল তরুণের
মোহাম্মদপুরে কথা-কাটাকাটির জেরে এক তরুণ খুন হয়েছেন। তাঁর নাম মো. আসিফ। জেনেভা ক্যাম্পের বাসিন্দা আসিফ একটি গ্যারেজে শ্রমিক হিসেবে কাজ করতেন।
আসিফের মামা মো. ইসলাম প্রথম আলোকে বলেন, শনিবার রাতে জেনেভা ক্যাম্পের কাছেই একটি গ্যারেজে জমশেদ ও রুবেলের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল। এ সময় অন্য গ্যারেজ থেকে আসিফ ও সজীব তাঁদের ঝগড়া থামাতে আসেন। মিটমাট করে রাতে বাড়ি ফেরার পর তাঁরা বাড়ির কাছে দাঁড়িয়ে গল্প গুজব করছিল। এমন সময় অতর্কিতে রুবেল, মিন্টু, আলী হোসেন, শমসের ও মুন্না এসে দুজনের ওপর হামলা চালায়। ঘটনাস্থল থেকে আহত আসিফকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গতকাল রোববার সন্ধ্যায় এই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছিল বলে জানান মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ সরকার।