সরকারবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার ৫: র্যাব
রাষ্ট্রবিরোধী চক্রান্ত ও নাশকতায় উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। রাজধানীর স্বামীবাগ এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—আবদুল্লাহ আল মাহমুদ, ওয়ায়েজ কুরুনী, তাওহীদুল ইসলাম, গাজী সাখাওয়াত ও হাবিবুর রহমান। তাঁদের বয়স ৩০ থেকে ৩২ বছরের মধ্যে। তাঁদের কাছ থেকে ল্যাপটপ, পোর্টেবল হার্ডডিস্ক ও বিভিন্ন দেশবিরোধী, নাশকতা ও উসকানিমূলক লিফলেট উদ্ধার করা হয়।
র্যাব বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা রাষ্ট্রবিরোধী চক্রান্ত ও নাশকতায় উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা এক বছর ধরে স্বামীবাগ এলাকায় অবস্থান করছিলেন। তাঁরা দেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসেছেন। বিভিন্ন ইস্যুতে অপপ্রচার করতেন তাঁরা।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুই লাখ টাকাও পাওয়া গেছে। দেশ এবং দেশের বাইরের বিভিন্ন উৎস থেকে এই টাকা এসেছে। ছাত্র আন্দোলনকে ভিন্ন দিকে নিতে গুজব ছড়িয়েছেন তাঁরা। তাঁদের উদ্দেশ্য ছিল, অরাজকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা।
খন্দকার আল মঈন আরও জানান, গ্রেপ্তার তরুণেরা ডিজেলের দাম নিয়ে বিভিন্নভাবে উসকানি দিয়েছিলেন, জনমনে প্রশ্ন তৈরির চেষ্টা করেছিলেন। দেশের বিভিন্ন ইস্যুতে ষড়যন্ত্রের নীতি ও কৌশল নির্ধারণে সম্পৃক্ততা রয়েছে তাঁদের। এ তরুণেরা অরাজকতা তৈরি করতে বিভিন্ন ধরনের বিশ্লেষণমূলক প্রতিবেদন তৈরি, ভিডিও কনটেন্ট তৈরি এবং এডিট করে ছবি তৈরির পর তা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিতেন। রাষ্ট্র এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করাই ছিল তাঁদের উদ্দেশ্য।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নামে ক্লোজড গ্রুপ তৈরি করে গুজব সৃষ্টির পরিকল্পনা করে। গ্রেপ্তার আবদুল্লাহ আল মাহমুদ ও তাওহীদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় রাষ্ট্রবিরোধী, নাশকতা, সন্ত্রাসবিরোধী এবং বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।