নিরাপদে থাকতে এসে গণধর্ষণের শিকার তরুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ বছরের এক তরুণী। ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছেন। তাই চট্টগ্রামের বাঁশখালীতে নানার বাড়িতেই থাকতেন। এক বছর আগে সেখান থেকে রাগ করে চট্টগ্রাম শহরে চলে আসেন। একটি বাসায় কাজ নেন। কিছুদিন পর এক ছেলের সঙ্গে তাঁর বিয়ে হয়। তিন মাস আগে স্বামী তাঁকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করেন। এরপর তিনি আর বাসাভাড়ার খরচ জোগাতে পারছিলেন না। তাই এক আত্মীয়ের বাসায় ওঠেন। সেখানেও তাঁর বেশি দিন ঠাঁই হয়নি। বাধ্য হয়ে ১৫ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় আশ্রয় নেন। হাসপাতালের বারান্দায় রাত কাটানোর ইচ্ছে ছিল তাঁর। সেদিন তাঁকে দূর থেকে দেখে ভাত খাওয়ায় এক ব্যক্তি। এরপর ওই দিন রাতে কৌশলে তাঁকে হাসপাতাল মর্গের পেছনে নিয়ে ওই ব্যক্তিসহ তিনজনে মিলে ধর্ষণ করেন। এই ঘটনায় ১৮ আগস্ট তরুণী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেছেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর ১৭ আগস্ট দুপুরে অভিযুক্ত হাসপাতাল মর্গের ডোম মো. সেলিম, হাসপাতালের কর্মচারী সাজু দাশ ও এক কর্মচারীর ছেলে সেকান্দরকে পিটুনি দিয়ে পুলিশে দেয় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। আরেক আসামি সাজু গত শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। তিন আসামিই এখন কারাগারে রয়েছেন।

চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান খানের আদালতে দেওয়া জবানবন্দিতে আসামি সাজু দাশ বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের পেছনে পরিত্যক্ত জায়গায় তরুণীকে তিনি কৌশলে নিয়ে যান। সেখানে তাঁর সঙ্গে সেলিম ও সেকান্দর মিলে ধর্ষণ করেন। পরে তিনি চলে আসেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে তরুণীকে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তার তিন আসামির মধে৵ একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তরুণীর মা-বাবা কিংবা নিকট আত্মীয় না থাকায় রোববার তাঁকে নিরাপদ হেফাজতি কেন্দ্রে পাঠানোর জন্য আদালতে আবেদন করা হয়। চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান ওই তরুণীকে নিরাপদ হেফাজতি কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।