নিরাপদে ফিরতেই রাতের বাসে চড়েন মা-ছেলে
হরতাল-অবরোধের মধ্যে দিনের বেলায় সহিংসতার শিকার হতে পারেন—এই আশঙ্কায় সহিংসতা এড়াতে দুই ছেলেকে নিতে রাতের বাসে চেপেছিলেন গৃহবধূ আসমা আক্তার। এর পরও পারলেন না নিরাপদে গন্তব্যে পৌঁছাতে। দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়ে নিহত হয়েছেন আসমা আক্তার ও তাঁর ছোট ছেলে শান্ত মিয়া (১৩)। দগ্ধ হয়েছে বড় ছেলে মুন্না মিয়াও।
গত সোমবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমা হামলার শিকার বাসটির যাত্রী ছিলেন আসমা ও তাঁর ছেলেরা। সোমবার রাত ১২টায় দুই ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশে বাসে রওনা দিয়েছিলেন আসমা আক্তার। উদ্দেশ্য ছিল, ঢাকা থেকে তাঁরা নরসিংদীর পলাশ উপজেলায় নিজ বাড়িতে যাবেন।
গৃহবধূ আসমা আক্তারের স্বামী মানিক মিয়া ব্যবসায়ী। তাঁদের ছোট ছেলে শান্ত মিয়া পলাশ পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। আর বড় ছেলে মুন্না মিয়া একই স্কুলে নবম শ্রেণিতে পড়ে।
আসমার ছোট বোন হোসনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘মূলত নিরাপদে বাড়ি ফিরতেই রাতে রওনা হয়েছিলেন আপা। তাঁর ধারণা ছিল, রাতের বেলা কোনো সমস্যা হবে না। কিন্তু সেই রাতই তাঁর জন্য কালরাত হলো। বোন আর ভাগিনাকে পুড়ে মরতে হলো।’