রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল বুধবার চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রকৃত অপরাধীরা ধরা না পড়লেও পুলিশ ক্যাম্পাসের এক চা-বিক্রেতাকে ধরে নিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এ ছাড়া ছাত্রশিবিরও দুই দিনের ধর্মঘট ডেকেছে। এ
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের ছাদে একটি, এর কিছুক্ষণ পর শহীদুল্লা কলাভবনের ভেতরে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। দুপুর ১২টার দিকে রবীন্দ্র কলাভবনের তৃতীয় তলায় একটি এবং প্রায় একই সময়ে দ্বিতীয় বিজ্ঞান ভবনের পাশে আরেকটি ককটেল ফাটায় দুর্বৃত্তরা। পর পর কয়েকটি বিস্ফোরণের শব্দে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ফটকের সামনে থেকে ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করে পুলিশ।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, প্রথম ককটেলটি বিস্ফোরণের পর ক্যাম্পাসের মমতাজ উদ্দীন কলাভবনের পাশের চায়ের দোকান থেকে বিক্রেতা শামীম হোসেনকে আটক করে কাজলা ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।
ক্যাম্পাসের পার্শ্ববর্তী মেহেরচণ্ডী এলাকার এক বাসিন্দা (৫০) বলেন, ফাঁড়িতে নিয়ে শামীমের কাছে ককটেল বিস্ফোরণকারীদের পরিচয় জানতে চান পুলিশ সদস্যরা। কিন্তু তিনি কিছু জানেন না বলায় তাঁকে ব্যাপক মারধর করা হয়। পরে বেলা একটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফারুক ইমন বলেন, ফাঁড়ি থেকে ছাড়া পাওয়ার পর শামীম হাঁটতে পারছিলেন না। পরে তাঁকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা।
বাড়িতে যাওয়ার পর চা-বিক্রেতা শামীম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পায়ের পাতা ও হাঁটুতে প্রচণ্ড মারধর করায় হাঁটতে পারছি না। সুস্থ হয়ে কবে দোকান খুলতে পারব জানি না।’
জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘আমি কোর্ট থেকে এসে দেখি, শামীমকে কাজলা ফাঁড়িতে আটকে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে তাঁকে নিরীহ মনে হওয়ায় ছেড়ে দিয়েছি।’
ধর্মঘট ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ হাসানের নেতৃত্বে মিছিলটি টুকিটাকি চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানেই এসে শেষ হয়।