নিরীহ মানুষকে বেধড়ক পেটানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলার সাগরপুর বাজারে গত শুক্রবার মাদকবিরোধী অভিযানে গিয়ে সাদাপোশাকের র্যা ব সদস্যরা হামলার শিকার হয়েছেন। পরে হামলাকারীদের ধরার নামে র্যা ব নিরীহ লোকজনকে বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ছাড়া গতকাল শনিবার উপজেলার ভঞ্জকোল গ্রামে সাদাপোশাকের র্যা ব সদস্যদের অভিযানকালে এক নারী গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। র্যা ব সেখান থেকে একজনকে আটক করেছে। আটকের বিষয়টি স্বীকার করেছে র্যা ব। তবে তারা বলছে, সেখানে গুলির কোনো ঘটনাই ঘটেনি।
র্যা ব ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, র্যা ব-৫ জয়পুরহাট ক্যাম্পের তিন সদস্য সাদাপোশাকে শুক্রবার বিকেলে বদলগাছির সাগরপুর বাজারে যান। তাঁরা এলাকার সন্দেহভাজন মাদক ব্যবসায়ী সাদেক আলীর মুদিদোকানে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। পরে তাঁরা এলাকা ত্যাগের জন্য মোটরসাইকেলে ওঠেন। তখন সাদেক আলী, তাঁর ছেলে মিঠুসহ চারজন ওই র্যা ব সদস্যদের বেধড়ক পিটিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তাঁদের ইট ও কাচের আঘাতে একজনের মাথা কেটে যায়।
ঘটনার পর সন্ধ্যায় র্যা বের একটি দল সাগরপুর বাজারে গিয়ে লোকজনকে নির্বিচারে লাঠিপেটা শুরু করে। এ সময় দৌড়ে পালাতে গিয়ে পূর্ণিমা রানী (৪৫) নামের এক নারী আহত হন। পূর্ণিমার ছেলে প্রণয় কুমার বলেন, র্যা ব সদস্যরা লোকজনকে লাঠি ও রাইফেলের বাঁট দিয়ে নির্বিচারে পেটাচ্ছিলেন। পালানোর সময় পড়ে গিয়ে তাঁর মায়ের ডান পা ভেঙে যায়। তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
একই র্যা ব ক্যাম্পের সাদাপোশাকের অপর তিন সদস্য গতকাল দুপুরে বদলগাছির বালুভরা ইউনিয়নের ভঞ্জকোল গ্রামে মাদকবিরোধী অভিযানে যান। ওই র্যা ব সদস্যদের দাবি, তাঁদের একজন ক্রেতা সেজে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী মিন্টুর বাড়িতে যান। মিন্টুর বউ তারা বেগম ইয়াবা বড়ি দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। কিন্তু কিছুক্ষণ পরে তাঁকে বাড়ির অদূরে একটি বাগানে নিয়ে গিয়ে মারধর শুরু করেন মিন্টু ও তাঁর লোকজন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, এ সময় ওই র্যা ব সদস্যের সঙ্গে মিন্টুর লোকজনের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে লাভলী বেগম (৩০) নামের এক নারীর পায়ে গুলি লাগে। এ ছাড়া বেলাল হোসেন (৪০) নামের এক ব্যক্তির চোখে আঘাত লাগে। পরে র্যা বের একটি দল ঘটনাস্থলে গিয়ে শামছুল ইসলাম নামের একজনকে আটক করে নিয়ে যায়।
র্যা ব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত বলেন, সেখানে কোনো গুলির ঘটনা ঘটেনি।
তবে বালুভরা ইউপির চেয়ারম্যান শেখ আয়েন উদ্দিন র্যা বের অভিযানকালে এক নারীর গুলিবিদ্ধ হওয়ার কথা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, যাঁরা আহত ও গ্রেপ্তার হয়েছেন, তাঁরা কেউই মাদক ব্যবসায় যুক্ত নন। তাঁরা মাদক ব্যবসায়ী মিন্টুর আত্মীয়।