নির্জন মহাসড়কের পাশে পড়ে ছিল গলাকাটা লাশটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কিনারায় ঘাসের ওপর পড়ে ছিল ৩৫ কি ৩৬ বছরের এক ব্যক্তি। তাঁর গলা কাটা। এ ছাড়া কপাল, নাক, কান, বাঁ হাতসহ শরীরের বিভিন্ন অংশে কোপানোর ক্ষত রয়েছে।

পুলিশের ধারণা তাঁকে কোনো চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে। হয়তো প্রথমে তাঁকে গাড়িতেই মেরে ফেলা হয়েছে। পরে নির্জন এলাকা ভেবে এখানে ফেলে গেছে।

আজ বুধবার সকাল থেকেই লাশটি পড়ে ছিল রাস্তার পাশে। বিষয়টি স্থানীয় ব্যক্তিদের নজরে এলে পুলিশে খবর দেওয়া হয়। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, ঘটনাস্থল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ন্যাশনাল পার্ক এলাকায়। এখানে পার্কের ৪ ও ৫ নম্বর গেটের মাঝামাঝি একটি জায়গায় লাশটি পড়ে ছিল। নিহত ব্যক্তির শরীরে অনেকগুলো কোপানোর আঘাতের অনেক চিহ্ন রয়েছে। একটি কোপ রয়েছে কপালে। গলা কাটা। এর ছাড়া নাকের নিচে, কানে ও হাতেও রয়েছে একাধিক কোপ। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর পরনে রয়েছে একটি জিনস প্যান্ট ও হাফ হাতা গেঞ্জি।

গাজীপুর মহানগরের সদর থানার উপপরিদর্শক লুৎফর রহমান ও আশপাশের লোকজন সূত্রে জানা যায়, ঘটনাস্থলটি খুবই নির্জন। চারপাশে জঙ্গল। মাঝখান দিয়ে বয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। সড়কটির আশপাশে বহুদূর পর্যন্ত কোনো মানুষের বসবাস নেই। এ কারণে দিনের বেলায়ও এলাকাটি থাকে জনশূন্য।

লুৎফর রহমান জানান, লাশটির আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের কাজ চলছে।