নির্দেশ অমান্য করে পুকুর ভরাট চলছেই
ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ অধিদপ্তর ও পৌর কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে পৌর এলাকার কাজীপাড়ায় একটি পুকুর ভরাট চলছে। রাতে ট্রাক্টরে করে মাটি এনে পুকুরটি ভরাট করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকার জেলা ঈদগাহ মাঠের পশ্চিম পাশে এ পুকুরের ৩৬ শতাংশের মধ্যে ২০ শতাংশের মালিক স্থানীয় মো. আসাদ উল্লা, তাঁর ভাই আহসান উল্লাহ ও বোন সামসুন্নাহার বেগম। বাকি ১৬ শতাংশের মালিক অন্যরা।
পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে পুকুরটি ভরাট শুরু করেন আসাদ উল্লাহ। এ বিষয়ে অভিযোগ করলে ৬ নভেম্বর পরিবেশ অধিদপ্তর পুকুরটি ভরাট বন্ধে আসাদ উল্লাহকে চিঠি দেয়। তার পরও পুকুর ভরাট অব্যাহত থাকে। অভিযোগ পেয়ে পরিবেশ অধিদপ্তর ২২ ফেব্রুয়ারি আবার পুকুর ভরাট বন্ধ ও ভরাটের উদ্দেশ্যে আনা মাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। কিন্তু কোনো নির্দেশই মানা হয়নি।
গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, পুকুরটির উত্তর-পূর্ব দিকে সদ্য আনা মাটির স্তূপ। স্থানীয় কয়েকজন জানান, প্রতিদিন রাতে ট্রাক্টর দিয়ে মাটি এনে ভরাটকাজ চলছে।
তবে এই অভিযোগ অস্বীকার করে আসাদ উল্লাহ বলেন, বাড়িতে যাওয়ার রাস্তার জন্য তিনি মাটি ভরাট শুরু করেছিলেন। পরিবেশ অধিদপ্তরের চিঠি পাওয়ার পর সেই কাজ বন্ধ রেখেছেন।
পৌরমেয়র হেলাল উদ্দিন বলেন, পুকুর ভরাট বন্ধে আসাদ উল্লাহকে দুবার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ছায়েফ উল্ল্যা তালুকদার বলেন, পুকুর ভরাট বন্ধে দুবার নোটিশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে মামলা করা হবে।