নির্দেশ উপেক্ষা করে চলছে বাল্যবিবাহের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বারবার বিয়ে বন্ধের নির্দেশ দেওয়া সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছে। বিয়ের অনুষ্ঠানে বরের হেলিকপ্টার ব্যবহারের জন্য থানায় অনুমতি চেয়েছেন কনের বাবা।
আজ বৃহস্পতিবার ওই ছাত্রীর বিয়ে হবে বলে জানা গেছে। প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে পুরোদমে চলছে বিয়ের প্রস্তুতি।
গতকাল বুধবার সন্ধ্যায় কসবায় ওই ছাত্রীর বাড়িতে গিয়ে দেখা গেছে, গ্রামের প্রধান সড়ক থেকে বাড়ি পর্যন্ত আলোকসজ্জা করা হয়েছে। বড় একটি তোরণ নির্মাণ করা হয়েছে। হেলিকপ্টার নামার জন্য জমিতে জায়গা করা হয়েছে।
কনের মা বলেন, বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাতুরিয়া গ্রামের বাসিন্দা ও প্রবাসী খন্দকার আলম। তিনি দাবি করেন, তাঁর মেয়ে দ্বিতীয় শ্রেণিতে দুই বছর, তৃতীয় শ্রেণিতে তিন বছর এবং পঞ্চম শ্রেণিতে দুই বছর পড়াশোনা করেছে। তাই ষষ্ঠ শ্রেণিতে পড়লেও তাঁর বিয়ের বয়স হয়েছে।
ওই ছাত্রীর বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী ২০১৪ সালে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫০ পেয়ে পাস করে। চলতি বছর সে কসবার একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। কসবা পৌরসভা থেকে জন্মসনদ অনুযায়ী তার জন্মতারিখ ২০০১ সালের ১২ নভেম্বর।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রৌনক আরা বলেন, মেয়েটির বিয়ের খবর পেয়ে পরপর দুই দিন বাড়িতে গেলেও মেয়ের মা-বাবাকে পাওয়া যায়নি। মুঠোফোনে মেয়ের বাবাকে বিয়ে বন্ধের নির্দেশ দেওয়া হয়। বয়সের তথ্যপ্রমাণসহ কার্যালয়ে আসার কথা থাকলেও গতকাল পর্যন্ত তাঁরা আসেননি।
ইউএনও মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, মেয়েটির বিয়ের বয়স হয়নি। তাঁর কার্যালয় থেকে বিয়ে বন্ধের জন্য দুই দফা লোক পাঠানো হয়েছে। যদি বিয়ে বন্ধ না হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, বর হেলিকপ্টারে চড়ে আসবেন বলে মেয়েটির বাবা গত সোমবার থানায় লিখিত আবেদন করেছেন। কিন্তু মেয়েটির বয়স কম জানতে পেরে মেয়ের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। সত্যতা পাওয়া গেলে বিয়ে বন্ধ করা হবে।