নির্দেশনার পরও দ্রব্যমূল্যের তালিকা টাঙানো হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের তালিকা টাঙিয়ে রাখার জন্য দোকান মালিকদের নির্দেশনার ১৩ দিন পার হলেও শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় তা মানা হচ্ছে না। ফলে দোকানিরা ইচ্ছামতো দাম আদায় করছেন বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী, রমজানে বাজারের প্রতিটি দোকানে দ্রব্যমূল্যের তালিকা লিখিতভাবে দৃশ্যমান স্থানে প্রদর্শন করার কথা বলা হয়েছে। গত ২৬ ও ২৭ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ তথ্য মাইকযোগে প্রচার করান। কিন্তু রোজার ১৩ দিন পেরিয়ে গেলেও পৌর শহরের কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে তা করা হচ্ছে না। এ কারণে দোকানিরা ইচ্ছামতো দাম হাঁকছেন। ফলে প্রতিদিন বিভিন্ন পণ্যের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হচ্ছে।

গত বৃহস্পতিবার পৌর শহরের নালিতাবাড়ী বাজার, তারাগঞ্জ উত্তর, মধ্য ও দক্ষিণ এবং গড়কান্দা বাজার ঘুরে দেখা যায়, কোনো দোকানেই পণ্যের মূল্যতালিকা টাঙানো হয়নি। এ সময় অনেকে ব্যবসায়ী প্রশাসনের মাইকিং শুনেছেন বলে জানান। অনেকে মাইকিং শোনেননি বলে দাবি করেন।

নালিতাবাড়ী বাজারে আসা মাহবুবা নাহিদ বলেন, চাল-ডাল, মুদি-মনিহারি থেকে শুরু করে মাছ-মাংস ও তরিতরকারি কোনো দোকানেই পণ্যের মূল্যতালিকা নেই। পণ্যের মূল্য নির্ধারণ করা থাকলে ক্রেতাদের সুবিধা হতো। এতে ক্রেতাদের ঠকার ভয় থাকে না।

পৌর শহরের বাসিন্দা মো. শাহাদৎ হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিটি পণ্যের মূল্যতালিকা ব্যবসাপ্রতিষ্ঠানে দৃশ্যমান থাকার বিধান থাকলেও দোকানিরা তা মানছেন না। ফলে নিজেদের ইচ্ছামতো দাম আদায় করছেন।

উত্তর বাজার এলাকার মেসার্স প্রমথ স্টোরের মালিক শুভংকর সাহা বলেন, ‘প্রশাসনের মাইকিং শুনেছি। তবে ব্যস্ততার কারণে মূল্যতালিকা টাঙানো সম্ভব হয়নি। দু-এক দিনের মধ্যেই মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টাঙানো হবে।’

গড়কান্দা কাঁচাবাজারের মুদি দোকানদার আবদুল আজিজ বলেন, ‘দ্রব্যমূল্য টাঙানোর ব্যাপারে আমরা কিছু শুনিনি। শুনলে অবশ্যই টাঙানোর ব্যবস্থা করতাম।’

নালিতাবাড়ী বাজারের মাংস ব্যবসায়ী সুরুজ মিয়া বলেন, গরুর মাংস ৪৫০ টাকা কেজি সবাই জানেন। তাই দাম লিখে টাঙানোর প্রয়োজন পড়ে না। কারও কাছে দাম বেশিও রাখা হয় না।

এ বিষয়ে নালিতাবাড়ী সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শামছুল আলম বলেন, ‘প্রশাসনের নির্দেশনা শুনেছি। কোনো দোকানের মালিক যদি মূল্যতালিকা না টাঙিয়ে থাকেন, তাহলে সমিতির পক্ষ থেকে দ্রুত তাঁদের তালিকা টাঙাতে বলা হবে।’

ইউএনও তরফদার সোহেল রহমান গতকাল প্রথম আলোকে বলেন, এ বিষয়ে মাইকযোগে প্রচারণা চালানো হয়েছে। দু-এক দিনের মধ্যে বাজার পরিদর্শনে যাওয়া হবে। কেউ আইন অমান্য করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।