কুকুর লেলিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার দুই আসামি আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ দুই আসামির কাছে জানতে চান, তাঁরা দোষী না নির্দোষ। উত্তরে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আদালত আগামী রোববার মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে জানান, হিমাদ্রী হত্যা মামলার ২১ সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ গত মঙ্গলবার শেষ হয়েছে। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত (ক্লোজড) করেন আদালত। গতকাল আদালতে দেওয়া লিখিত বক্তব্যে প্রধান আসামি শাহ সেলিম টিপু দাবি করেন, ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। পাঁচলাইশ এলাকার মক্কী মসজিদের মোতোয়ালি তিনি। তাঁর দাবি, বিভিন্ন স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আরেক আসামি শাহাদাত হোসেনও নিজেকে নির্দোষ দাবি করেন। পরে আসামিরা তাঁদের পক্ষে সাফাই সাক্ষ্য দিতে পাঁচলাইশ এলাকার ২০ জন ব্যক্তির নাম আদালতে জমা দেন।
হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার জানান, মামলায় কাউকে ষড়যন্ত্র করে জড়ানো হয়নি। মৃত্যুর আগে হিমাদ্রী তাঁর জবানবন্দিতে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার বর্ণনা দিয়ে গেছেন। তা সংরক্ষণ (রেকর্ড) করা হয়েছে। পুলিশের তদন্তেও আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ মিলেছে।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় মামলা করা হলে একই বছরের ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পাঁচলাইশ থানার পুলিশ। গত বছরের ৩ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিন আসামি জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম ও মাহাবুব আলী খান।