নির্ধারিত পোশাক না পরা নিয়ে কলেজে উত্তেজনা
নির্ধারিত পোশাক পরে না আসায় ঢুকতে বাধা দেওয়ায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা স্কুল অ্যান্ড কলেজে গতকাল বৃহস্পতিবার উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা কলেজের দরজা-জানালা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কলেজ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, কলেজের নির্ধারিত পোশাক না পরে গতকাল সকালে কয়েকজন শিক্ষার্থী শ্রেণিকক্ষে প্রবেশ করে। এ কারণে কর্তৃপক্ষ তাদের সতর্ক করে দেয়। এ সময় উত্তেজনা দেখা দিলে শিক্ষক ও অভিভাবকেরা এসে ঘটনাটি মিটিয়ে ফেলেন। এরপর কলেজের ফটকে কর্তব্যরত অফিস সহকারী মো. আমিনুল ইসলাম কয়েকজন শিক্ষার্থীকে নির্ধারিত পোশাক ছাড়া ঢুকতে বাধা দেন। এতে উত্তেজিত হয়ে ছাত্ররা আমিনুলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে আমিনুল ফটক বন্ধ করে দিলে ভেতরে ও বাইরে অবস্থানরত শিক্ষার্থীরা কলেজের ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও দরজা-জানালা ভাঙচুর শুরু করে। পরে কলেজ কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।