নির্ধারিত ফির তিন গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে বোর্ড-নির্ধারিত ফির চেয়ে তিন গুণের বেশি টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসনের অনুমোদনে ওই টাকা নেওয়া হয়েছে বলে জানা যায়।
১২ নভেম্বর এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়ে ১৯ নভেম্বর শেষ হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, একরকম জোর করেই বোর্ড-নির্ধারিত ফির বাইরে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।
মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় ফরম পূরণের জন্য (কেন্দ্র ফিসহ) শিক্ষা বোর্ড বিজ্ঞান বিভাগে ১ হাজার ৪৪৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ১ হাজার ৩৫৫ টাকা ফি নির্ধারণ করে দেয়। এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস গত বছরের নভেম্বর মাসে জেলা শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এসএসসি পরীক্ষায় বোর্ড-নির্ধারিত ফি ও তিন মাসের বেতন ছাড়া অন্য কোনো ফি (সেশন চার্জ) আদায় না করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চিঠি দেন। এ ছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশ আছে, এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনোভাবেই কোচিং কিংবা অন্য কোনো অজুহাতে বোর্ড-নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসন পরিচালিত কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার ১২৫ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার ৩৫ টাকা করে আদায় করা হয়েছে।
২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে ফি নির্ধারণ করে অধ্যক্ষ নলিনী মোহন্ত ৫ নভেম্বর জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের কাছে পাঠান। জেলা প্রশাসক এই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতিও। সেই প্রস্তাব জেলা প্রশাসক যাচাই করে ১০ নভেম্বর তাতে অনুমোদন দিয়ে সই করেন। এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে ফি সম্পর্কে নলিনী মোহন্তের প্রস্তাবে দেখা গেছে, বিদ্যালয় কর্তৃপক্ষ ফরম পূরণের নির্ধারিত ফি দুই ভাগে ভাগ করেছে। একটি অংশে বোর্ড-নির্ধারিত ফি। আর অন্য অংশে স্কুল ফি। বোর্ড ফিতে বিজ্ঞান বিভাগের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ১ হাজার ৪৪৫ টাকা ও অনিয়মিতদের জন্য ধরা হয়েছে ১ হাজার ৫৪৫ টাকা। মানবিক বিভাগের পরীক্ষার্থীদের জন্য বোর্ড ফি ১ হাজার ৩৫৫ টাকা দেখানো হয়েছে। সেই সঙ্গে স্কুল ফি অংশে দুই মাসের বেতন ১ হাজার টাকা, সেশন ফি (পরে তা কেটে কালি-কলমে লেখা হয়েছে এককালীন) ১ হাজার ৫০০ টাকাসহ ১০টি ক্ষেত্রে মোট ৩ হাজার ৬৮০ টাকা অতিরিক্ত নেওয়ার প্রস্তাব করা হয়।
বিদ্যালয় থেকে মোট ১০০ জন শিক্ষার্থী ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছে। সেই হিসাবে বিদ্যালয় কর্তৃপক্ষ বোর্ড-নির্ধারিত ফির তুলনায় ৩ লাখ ৬৮ হাজার টাকা অতিরিক্ত আদায় করেছে।
অধ্যক্ষ নলিনী মোহন্ত বলেন, ‘আমাদের বিদ্যালয়টি নন-এমপিওভুক্ত। শিক্ষার্থীদের সেশন ফি থেকেই শিক্ষকদের বেতন দেওয়া হয়। বর্তমান সরকার সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল পরিবর্তন করেছে। সেই বিবেচনায় শিক্ষকদেরও বেতন কিছুটা বৃদ্ধি করা উচিত। শিক্ষকদের বেতন নির্বিঘ্নে দেওয়ার জন্যই পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমেদ হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।