নির্ধারিত সময়ে সরেনি অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর থেকে মণিপুর, পীরেরবাগ হয়ে আগারগাঁও পর্যন্ত সড়কের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য গত মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় শেষেও অধিকাংশ অবৈধ স্থাপনা সরানো হয়নি। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বলছে, আগামী সপ্তাহে উচ্ছেদ অভিযান চালানো হবে।
গত শনিবার স্থানীয় সরকার বিভাগ সচিব আবদুল মালেক পীরেরবাগ, আমতলা মোড় ও উত্তর মণিপুর হয়ে গ্রামীণ ব্যাংক ভবন পর্যন্ত দুই কিলোমিটার সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কের উভয় পাশের ফুটপাতের ওপর নির্মিত অবৈধ স্থাপনা তিন দিনের মধ্যে সরিয়ে ফেলতে নির্দেশ দেন।
গতকাল বুধবার সড়কটি ঘুরে দেখা যায়, সড়কসংলগ্ন ফুটপাতে গড়ে উঠেছে দোকানপাট, রিকশা মেরামতের দোকান ও কাঁচাবাজার। এ ছাড়া কাঠের বিভিন্ন সামগ্রী নির্মাণ, মোটরসাইকেল ও গাড়ি মেরামত, রিকশা মেরামতের কাজ চলছে সড়কের ওপরেই। ফুটপাত ছাড়িয়ে সড়কের অনেকাংশ জুড়ে রাখা হয়েছে বাড়িঘরের নির্মাণসামগ্রী।
উত্তর পীরেরবাগ এলাকায় ফুটপাতের ওপরই জানালার গ্রিল ঝালাইয়ের কাজ করছিলেন আবিদ। তিনি বলেন, ‘দুই দিন ধরে সবাই বলাবলি করছে ফুটপাত ছেড়ে দিতে। পাশেই দোকান, তাই সরায় নিতে তো কোনো সমস্যা নাই। কেউ সরায় দিতে আসলে সরায় নিব।’
মিরপুর-২ নম্বরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়সংলগ্ন পোস্ট অফিসের পাশ থেকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতাল পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৩ দশমিক ৬৩ কিলোমিটার। দুই লেনের ৬০ ফুট প্রস্থের সড়কটির দুপাশেই ৫ ফুট করে ফুটপাত আছে। ১৯৯৫ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) করা বিশদ এলাকা পরিকল্পনা (ড্যাপ) অনুযায়ী এ রাস্তাটি নির্মাণ করা হয়। রোকেয়া সরণি ও মিরপুর রোডের বিকল্প সড়ক হিসেবে নতুন এ সড়কটি ব্যবহৃত হচ্ছে।
সড়কটিতে ২০১৪ সালের শেষ দিকে যান চলাচল শুরু হয়। ৬০ ফুট প্রস্থ বলে সড়কটি স্থানীয় লোকজনের কাছে ‘৬০ ফুট রাস্তা’ নামে পরিচিত। কিন্তু বছর না ঘুরতেই সড়কটির অনেকাংশ জায়গা অবৈধভাবে দখল হয়ে যায়। মণিপুর এলাকায় সড়কে বাঁশের ঘেরাও দিয়ে তার মধ্যে গড়ে তোলা হয়েছে দোকানপাট। কয়েক জায়গায় দেখা যায়, সড়কের পাশের জমির মালিকেরা সড়কের অনেকটা জায়গা বাঁশ দিয়ে ঘেরাও করে নিজেদের সীমানার ভেতরে নিয়ে নিয়েছেন। তবে গতকাল দেখা গেছে, সড়কের কিছু অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে। আগারগাঁও ভাঙা ব্রিজ এলাকায় সড়কের ওপরে ছিল একটি অবৈধ বাজার। বাজারটি গতকাল বসতে দেখা যায়নি। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকালেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে বাজারটি তুলে দিয়েছেন।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, নতুন হওয়া সড়কটি নানাভাবে দখল হয়ে গেছে। এসব অবৈধ দখলদারের বিরুদ্ধে আগামী সপ্তাহে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে সিটি করপোরেশন।