নির্বাচন কমিশনারের কাছে আ.লীগ নেতার 'আবদার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে বৈরী আচরণ ও বিএনপিসহ অন্য প্রার্থীদের সহযোগিতার অভিযোগ তুলে খুলনার কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহসিন রেজা।
যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাঁরা হলেন ইউএনও মো. বদিউজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার। এর আগে আওয়ামী লীগের প্রার্থীদের অভিযোগের পর কয়রার পাইকগাছার ইউএনওকে বদলি করা হয়।
জি এম মহসিন রেজা চিঠিতে লিখেছেন, ওই তিন কর্মকর্তা অবৈধ অর্থের বিনিময়ে নৌকা প্রতীকের প্রার্থীদের নাজেহাল করে চলেছেন। এর সুরাহা না হলে ওই সাতটি ইউনিয়নের কর্তৃত্ব জামায়াত-বিএনপির দখলে চলে যাবে।
খোঁজ নিয়ে জানা গেছে, মহারাজপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মহসিন রেজার ভাই জি এম আবদুল্লাহ আল মামুন। ১৭ মার্চ সন্ধ্যায় কয়েমের ব্রিজসংলগ্ন এলাকায় অবৈধভাবে তৈরি করা মামুনের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন সহকারী কমিশনার (ভূমি)। এতে মহসিন রেজা ক্ষুব্ধ হয়ে ওই রাতেই অভিযোগ লিখে প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠান।
জানতে চাইলে কয়রার ইউএনও মো. বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি ও সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে আছি। দায়িত্ব পালনকালে অনেকের সঙ্গে খারাপ মনোভাব সৃষ্টি হওয়া স্বাভাবিক। যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, তা ছিল খালের ওপর। অনেক আগেই ওই স্থাপনার ঘরগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছিল। কয়েক দিনের মধ্যে ওই এলাকায় আরও কয়েকটি স্থাপনা তৈরি করা হয়। বিষয়টি জানতে পেরে তা উচ্ছেদের জন্য সহকারী কমিশনারকে নির্দেশ দেওয়া হয়। এর সঙ্গে কার্যালয় ভাঙচুরের কোনো সম্পর্ক নেই।’