নির্বাচন কর্মকর্তাদের 'সর্বহারা' পরিচয়ে হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সর্বহারা’ পরিচয়ে চাঁদা চেয়ে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ বেশ কয়েকজন নির্বাচন কর্মকর্তাকে একটি ফোন নম্বর থেকে চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ফোনে এসব হুমকি দেওয়া হয়। 

রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আমিরুল ইসলাম কর্মকর্তাদের এই হুমকির বিষয়টি নিশ্চিত করে বলেন, সবার কাছে ‘সর্বহারা জনযুদ্ধের সদস্য বিপ্লব’ পরিচয় দিয়ে একটি নম্বর থেকে ফোন দেওয়া হয়। কেউ ফোন ধরলেই এক ব্যক্তি প্র​থমে সালাম দিয়ে তাঁর ওস্তাদের সঙ্গে কথা বলতে বলছেন। কথিত ওস্তাদ তখন চাঁদা দাবি করছেন। না দিতে চাইলে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন।
আমিরুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার সময় তাঁকে একটি নম্বর থেকে ফোন দেওয়া হয়েছে। তিনি ফোন ধরার পরে যখন ওপাশ থেকে বলা হয়েছে যে, ওস্তাদকে সালাম দিয়ে কথা বলেন। তখনই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে প্রায় সব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে একই নম্বর থেকে ফোন দিয়ে একইভাবে হুমকি দেওয়া হয়েছে। নম্বর মিলিয়ে দেখা গেছে একই নম্বর থেকে তাকেও ফোন করা হয়েছিল।
রাজশাহীর পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, আজ সকাল ১১টা ৬ মিনিটে তার ফোনে রিং আসে কিন্তু তিনি ব্যস্ত থাকার কারণে তার সঙ্গে কথা হয়নি। তার পরপরই পবা উপজেলা নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর মজিবুল হকের কাছে ওই নম্বর থেকে ফোন আসে। পরে তিনি নম্বর মিলিয়ে দেখেন একই নম্বর থেকে তাকেও ফোন দেওয়া হয়েছিল।
আসাদুজ্জামান বলেন, মুজিবুল হককে ফোন করে বলা হয়, ‘আমাদের দলের টাকার প্রয়োজন, কত টাকা চাঁদা দেবেন বলেন?’ চাঁদা না দিলে দেখে নেওয়ারও হুমকি দেন ওই ব্যক্তি। এরপর মজিবুল হক ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বিষয়টি মৌখিকভাবে পবা থানা ও রাজশাহী নগরের শাহমখদুম থানার পুলিশকে জানিয়েছেন।
আসাদুজ্জামান জানান, তাকে হুমকি দেওয়ার পরে তিনি মোহনপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে ফোন করেছিলেন। তিনিও তাকে জানিয়েছেন বেলা ১১টা ১৯ মিনিটের সময় তাকে একই নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে।
রাজশাহী নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, মৌখিকভাবে পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা তাকে জানিয়েছেন। তিনি তাঁকে থানায় জিডি করতে বলেছেন।