নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের হয়েছে। যৌন হয়রানির শিকার এক কলেজছাত্রীর বাবা বাদী হয়ে গত সোমবার দৌলতপুর থানায় মামলাটি করেন।
এর আগে গত ৩০ আগস্ট রাতে কুষ্টিয়ার দৌলতপুরে ভোটার তালিকায় অবৈধভাবে নাম অন্তর্ভুক্ত করতে রাজি না হওয়ায় উপজেলা নির্বাচন কার্যালয়ে হামলা-ভাঙচুর চালানো হয়। এ সময় ওই নির্বাচন কর্মকর্তাসহ কার্যালয়ের কয়েকজন মারধরের শিকার হন। এ ঘটনায় ৩১ আগস্ট নজরুল ইসলাম থানায় মামলা করেন। এ মামলায় ওই কলেজছাত্রীর চাচাতো ভাইও আসামি।
নজরুল ইসলামের বিরুদ্ধে হওয়া মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৩০ আগস্ট বিকেলে ওই ছাত্রী জাতীয় ভোটার তালিকায় ছবিসহ নাম নিবন্ধন করার জন্য উপজেলা নির্বাচন কার্যালয়ে যান। সে সময় নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম তাঁর কক্ষে ডেকে নিয়ে কু-প্রস্তাব দেন এবং চিরকুটে মুঠোফোন নম্বর লিখে ফোন দিতে বলেন।
অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করাতে না পারায় রাতে কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। পাল্টা মামলা হিসেবে তাঁর (নজরুল) বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।