নির্বাচন-পরবর্তী সহিংসতা, যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিরোধের জের ধরে আজ সোমবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় রেজাউল করিম নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামের রহিদুল ইসলামের ছেলে। 

এ নিয়ে গত ফেব্রুয়ারি মাসে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত নির্বাচনী সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে প্রাণ হারালেন ১১৭ জন।
সিংড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ইউপি নির্বাচনে ডাহিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম মৃধার সক্রিয় কর্মী ছিলেন রেজাউল। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সাইফুল রেজা। নির্বাচনে আবুল কালাম মৃধা বিজয়ী হলেও তাঁর কর্মী রেজাউল করিম প্রতিপক্ষের হামলার আশঙ্কায় গ্রামে থাকতে পারতেন না বলে অভিযোগ করেন তাঁর স্বজনেরা। আজ সোমবার দুপুরের দিকে নিজ গ্রামে ঢোকার সময় প্রতিপক্ষ সাইফুল রেজার সমর্থকেরা তাঁর ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় রেজাউলকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে।
নিহত রেজাউলের চাচাতো বোন দিপালী খাতুন অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার সময় থেকেই সাইফুল রেজার লোকজন রেজাউল করিমকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। তবে এ অভিযোগ অস্বীকার করেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী সাইফুল রেজা। তাঁর কোনো সমর্থক রেজাউলকে হত্যা করেনি বলেও দাবি করেন তিনি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।