নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত যুবলীগ কর্মীর মৃত্যু
বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী ও পরাজিত দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে গতকাল শনিবারের সংঘর্ষে যুবলীগের আহত কর্মী লিটন মিয়া (৩০) মারা গেছেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
লিটন সোনাতলা উপজেলার পাঠানপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে। গত বৃহস্পতিবারের নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আবদুস সামাদের সমর্থক ছিলেন তিনি।
গতকালের ওই সংঘর্ষে উভয় পক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত হন কমপক্ষে ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫টি ফাঁকা গুলি ছোড়ে। ঘটনার পর পাঠানপাড়া এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন, গতকালের সংঘর্ষে আহতদের মধ্যে পাঁচজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিটন মিয়া মারা যান। তবে এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, পারবাইশা বিলের জমির দখল নিয়ে দিগদাইর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে বিজয়ী আবদুস সামাদ ও পরাজিত প্রার্থী সেলিম হোসেনের পক্ষের ব্যাপারী ও মিয়া পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বিলের জমিতে বোরোর চারা রোপণ করেন সেলিম হোসেনের সমর্থকেরা। কিন্তু আবদুস সামাদের বিজয়ের পর তাঁর সমর্থকেরা গতকাল বিলের জমিতে লাগানো সবুজ ধান কাটতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।